রাজনীতি

বাংলার ভোটের ডঙ্কা! কালীঘাটে রুদ্ধদ্বার বৈঠক, প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত তৃণমূলের

Election Commission of India-র তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে রাজনৈতিক মহলের জোর গুঞ্জন—ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ শেষ হলেই বাজবে বাংলার বিধানসভা নির্বাচনের ডঙ্কা। নয়াদিল্লি সূত্রে খবর, আগামী ২ মার্চের মধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। চলতি বছর তিন দফাতেই হতে পারে নির্বাচন—দক্ষিণবঙ্গে দু’দফা, উত্তরবঙ্গে এক দফা।

এই আবহে সময় যে হাতে খুব কম, তা বুঝে কোমর বেঁধে নেমে পড়েছে শাসক-বিরোধী সব পক্ষই। শাসক শিবিরের অন্দরে জোর তৎপরতা। কালীঘাটে দফায় দফায় বৈঠক করছেন Mamata Banerjee। উপস্থিত থাকছেন দলের সেকেন্ড-ইন-কমান্ড Abhishek Banerjee। সূত্রের খবর, আলোচনার মূল কেন্দ্রবিন্দু—প্রার্থী তালিকা।

আইপ্যাকের রিপোর্ট কার্ডে ভরসা
এই রুদ্ধদ্বার বৈঠকে ছিলেন আইপ্যাকের কর্ণধার Pratik Jain। ভোটের আগে বুথভিত্তিক সমীক্ষা, সংগঠনের শক্তি-দুর্বলতা, বর্তমান বিধায়কদের রিপোর্ট কার্ড—সবই খতিয়ে দেখা হচ্ছে বলে দলীয় সূত্রের দাবি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইপ্যাকের প্রস্তুত করা ‘রিপোর্ট কার্ড’-ই শেষ পর্যন্ত বড় ফ্যাক্টর হতে চলেছে। কার জনপ্রিয়তা কতটা? কোথায় অ্যান্টি-ইনকামবেন্সি? কোন আসনে নতুন মুখ আনলে লাভ?—এই সব হিসেব কষেই চূড়ান্ত হবে তালিকা।

নবীন বনাম প্রবীণ—কাদের ভরসা?
পাঁচ বছর আগে যাঁরা টিকিট পেয়েছিলেন, তাঁদের অনেকের ক্ষেত্রেই তৈরি হয়েছে সংশয়। পারফরম্যান্স ও জনসংযোগ—দুই মানদণ্ডেই কড়া নজরদারি চলছে। দলীয় অন্দরে আলোচনা—প্রবীণদের অভিজ্ঞতা নাকি নবীনদের এনার্জি?

শোনা যাচ্ছে, একাধিক আসনে নতুন এবং সেলিব্রিটি মুখ আনার কথাও ভাবা হচ্ছে। ইতিমধ্যেই তৃণমূল ভবনে বসানো হয়েছে বায়োডাটা জমা দেওয়ার বক্স। যে কোনও সদস্য নির্দিষ্ট বিধানসভা উল্লেখ করে আবেদন জানাতে পারেন।

তবে প্রশ্ন উঠছে—যদি প্রার্থী তালিকা প্রায় চূড়ান্তই হয়ে থাকে, তা হলে এই বায়োডাটা বক্সের তাৎপর্য কী?

কৌশল না বার্তা?
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এটি কৌশলগত পদক্ষেপ। একদিকে সংগঠনের মধ্যে বার্তা দেওয়া—দল সবার মতামত শুনছে। অন্যদিকে, সম্ভাব্য প্রার্থীদের ডেটাবেস তৈরি করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া।

সব মিলিয়ে, ভোট ঘোষণা এখন সময়ের অপেক্ষা। বদলেছে সমীকরণ, বাড়ছে জল্পনা। নির্বাচন কমিশনের দিনক্ষণ ঘোষণার সঙ্গেই শুরু হবে বাংলার হাইভোল্টেজ লড়াই।

শাসক না বিরোধী—কার দখলে যাবে নবান্ন, তার উত্তর লুকিয়ে আগামী কয়েক সপ্তাহের রাজনৈতিক চালচিত্রে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.