Dilip Ghosh-এর পত্নী রিঙ্কু মজুমদার কি তবে এবার সরাসরি নামতে চলেছেন রাজ্যের ভোটের লড়াইয়ে? ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা। বিজেপির প্রার্থী হতে চেয়ে ইতিমধ্যেই বায়োডেটা জমা দিয়েছেন রিঙ্কু মজুমদার।
সূত্রের খবর, তিনি বীজপুর, রাজারহাট-নিউটাউন অথবা মেদিনীপুর—এই তিন কেন্দ্রের কোনও একটিতে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।
একান্ত সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিলেন রিঙ্কু
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিঙ্কু মজুমদার স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁর অবস্থান। তাঁর কথায়,
“প্রার্থী হতে চাই। উচ্চ নেতৃত্ব ভাববেন কী করবেন। ১৩ বছরে অন্তত পঞ্চায়েতে একটা টিকিট দেওয়া উচিত ছিল। এতগুলো বছর দমিয়ে রাখা হয়েছিল, এবার আমি মানব না।”
তিনি আরও অভিযোগ করেন, রাজ্য সভাপতির সঙ্গে দেখা করার সুযোগও পাননি। এমনকি বিজেপি মহিলা মোর্চাতেও তাঁকে রাখা হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।
‘আমার কথা কেউ ভাবেনি’
রিঙ্কু মজুমদারের দাবি, দলে বহু মহিলা নেত্রী বিধায়ক ও সাংসদ হয়েছেন। অথচ তাঁর রাজনৈতিক আগ্রহ ও কাজকে গুরুত্ব দেওয়া হয়নি।
“আমি এমনও দেখেছি অনেক মহিলা প্রার্থীকে এমএলএ ও এমপি আসনে প্রতিনিধিত্ব করতে। আমার কথা কেউই এতদিন ভাবেননি। যদি আমার বিয়ে নাও হত, আমি ২৬-এর নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়ানোর চিন্তাভাবনা করেছিলাম।”
এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে—এ কি শুধুই ব্যক্তিগত ক্ষোভ, না কি বিজেপির অন্দরে চাপা অসন্তোষের বহিঃপ্রকাশ?
বিজেপির অন্দরমহলে অস্বস্তি?
রাজ্য বিজেপির একাংশের মতে, ভোটের আগে এমন প্রকাশ্য ক্ষোভ দলের জন্য অস্বস্তিকর হতে পারে। বিশেষ করে যখন কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন।
এখন দেখার, উচ্চ নেতৃত্ব রিঙ্কু মজুমদারের আবেদন কতটা গুরুত্ব দেয়। তিনি কি সত্যিই প্রার্থী হবেন, নাকি শেষ পর্যন্ত দলে সাংগঠনিক ভূমিকাতেই সীমাবদ্ধ থাকবেন—সেই উত্তর মিলবে প্রার্থী তালিকা প্রকাশের পরেই।
রাজ্যের রাজনৈতিক সমীকরণে এই নতুন সমীকরণ কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন বড় প্রশ্ন।







