ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে জল্পনার অবসান। অবশেষে বহু প্রতীক্ষিত এই প্রকল্পে ৫০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, আগামী দুই বছরের মধ্যে মাস্টারপ্ল্যানের কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে রাজ্য।
কয়েকদিন আগেই সেচমন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছিলেন, ফেব্রুয়ারি থেকেই শুরু হবে প্রকল্পের কাজ। মোট ১,২৩৮ কোটি টাকার এই পরিকল্পনার প্রথম ধাপেই বরাদ্দ মিলল ৫০০ কোটি। বন্যা নিয়ন্ত্রণ ও নদী ব্যবস্থাপনা কেন্দ্রিক এই পরিকল্পনা মূলত দুই মেদিনীপুর ও হুগলির বিস্তীর্ণ অঞ্চলকে রক্ষা করবে।
চন্দ্রিমা শুধু ঘাটাল নয়, বাজেটে আরও কিছু নদীকেন্দ্রিক প্রকল্পের কথাও ঘোষণা করেছেন। ‘নদী বন্ধন’ নামে নতুন একটি প্রকল্পে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নদী ভাঙন রোধে অতিরিক্ত ২০০ কোটি এবং গঙ্গাসাগরে চার লেনের সেতু নির্মাণে ৫০০ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে।
প্রসঙ্গত, প্রতিবছর বর্ষায় ঘাটাল ও আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। বহু বছরের দাবি ছিল মাস্টারপ্ল্যান বাস্তবায়নের। কিন্তু কেন্দ্র-রাজ্যের সংঘাত ও নানা জটিলতায় এতদিন থমকে ছিল কাজ। ২০১৯ সালে তৃণমূল সাংসদ দেব প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রকল্পের বাস্তবায়নের, যদিও তা পূরণ হয়নি। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, কেন্দ্রের সাহায্য না পেলেও রাজ্য সরকার একাই এগিয়ে নিয়ে যাবে ঘাটাল মাস্টারপ্ল্যান। অবশেষে বাজেটেই মিলল তার সুনির্দিষ্ট রূপ।







