বিনোদন

Fossils-এর নতুন ঝড়: ‘Fossils 7’ শীর্ষে, ভাষা পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চের লক্ষ্যে Rupam Islam

প্রায় তিন দশকের দীর্ঘ যাত্রায় Fossils আজ শুধু একটি ব্যান্ড নয়, বাংলা রকের এক প্রতিষ্ঠিত ব্র্যান্ড। ‘ভাষা দিবস’-এর আবহে তাদের নতুন অ্যালবাম Fossils 7 যেন বিশেষ তাৎপর্য নিয়েই হাজির। রিলিজের পরপরই মিউজিক প্ল্যাটফর্মের শীর্ষে উঠে এসে হলিউড, বলিউড এমনকি টলিউডের গানকেও পিছনে ফেলেছে এই অ্যালবাম। পাশাপাশি ‘পিওর ইন্ডিয়ান রক এক্সেলেন্স’ খেতাব— সব মিলিয়ে বাংলা রকের ইতিহাসে নতুন সংযোজন।
এই প্রেক্ষাপটে কথা হল ব্যান্ডের মুখ, রকার হিসেবে নিজেকে পরিচয় দিতে ভালবাসেন যিনি— Rupam Islam। তাঁর কথায়, “আমাদের আসল শ্রোতা তাঁরা, যাঁরা কনসার্টে আসেন। প্রথম দিন থেকে আজ পর্যন্ত এই ২৮ বছরের যাত্রায় তাঁদের জন্যই গান করেছি। তবে কনসার্টে আসতে না পারা বৃহত্তর শ্রোতাদেরও যখন পাই, সেটা প্রকৃতির আশীর্বাদ বলেই মনে করি।”
উত্তরাধিকার প্রসঙ্গে রূপমের বক্তব্য স্পষ্ট— ফসিল্‌স নিজের সঙ্গেই প্রতিনিয়ত প্রতিযোগিতায় বিশ্বাসী। “আমি নিজেকে এখনও তরুণ শিল্পী মনে করি। আমার পরের কাজটাই আগের কাজের উত্তরাধিকার বহন করুক— এটাই চাই। ফসিল্‌স ৭-এর উত্তরাধিকারী হবে ফসিল্‌স ৮, তারপর ৯। অন্য কেউ সেই দায়িত্ব নিতে চাইলে স্বাগত, তবে তাঁদের নিজস্ব পরিচয় তৈরি করতে হবে।”
ফসিল্‌সের গান বরাবরই ভাবনায় ও ভাষায় খানিক জটিল— অভিযোগও নতুন নয়। সে বিষয়ে রূপমের নির্ভীক জবাব, “প্রতিটি অ্যালবামের পরেই প্রথমে নিন্দে, পরে গ্রহণ— এটা বরাবরের চিত্র। আমাদের কাজ বুঝতে সময় লাগে। তবে এবারের অ্যালবামে দেখছি অনেকেই দ্রুত গ্রহণ করেছেন। কিছু ভাবনা কঠিন হতেই পারে। রক সঙ্গীতের যন্ত্রানুষঙ্গও বোঝার বিষয়, কান তৈরির ব্যাপার।”
ভাষা না অ্যারেঞ্জমেন্ট— কোনটি অগ্রগণ্য? রূপম স্পষ্ট করে দেন, “সঙ্গীতায়োজন, প্রেজেন্টেশন এবং প্রোডাকশনই সর্বাগ্রে। ভাষা কেউ বুঝবেন, কেউ বুঝবেন না। কিন্তু সুর ভাষাগণ্ডি পেরিয়ে যায়। আমাদের কনসার্টে ভিন্নভাষী মানুষও আসেন। যন্ত্রানুষঙ্গই গানকে আন্তর্জাতিক করে তোলে।”
লিরিক বনাম সুরের প্রশ্নেও তাঁর মত, “শুধু লেখার ভিত্তিতে গান নির্বাচন হয় না। সুর ও কথার সম্মিলনেই গান পূর্ণতা পায়। দারুণ লিখলেই হয় না, দারুণ সুরও চাই।”
সাফল্যের শিখরে থেকেও বাংলা ভাষা ‘বন্দিনী’ কি না— প্রশ্নে রূপম অতীত প্রসঙ্গেই ইঙ্গিত করেন। “ওটা এক বিশেষ সময়ের কথা। আমরা সেই সময় পেরিয়ে এসেছি।”
তিন দশকের পথচলায় ফসিল্‌স প্রমাণ করেছে— বাংলা রক কেবল একটি ভাষার সীমায় বন্দি নয়; সুর, দর্শন ও সাহসী ভাবনায় তা আজ আন্তর্জাতিক পরিসরে আত্মপ্রকাশের পথে আরও এক ধাপ এগিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.