নিজস্ব সংবাদদাতা : বঙ্গে গতবছর থেকে চর্চায় শিক্ষক নিয়োগ দূর্নীতি।আর সেই দুর্নীতির তদন্ত করতে গিয়ে হদিস মিলেছে পুরসভায় নিয়োগ দুর্নীতির।এবার সেই অভিযোগে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব করল সিবিআই। আগামী ৩১ অগস্ট তাঁকে ডেকে পাঠিয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা। মূলত পুর নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তের জন্যই তাঁকে ডেকে পাঠিয়েছে বলে সূত্রের খবর।
সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি কান্ডে তদন্তে নেমে বেশ কিছু জায়গায় তল্লাশি চালায় সিবিআই। আর তাতে বেশ অনেকগুলি নথি উদ্ধার করা হয় বলে দাবি।সিবিআই সূত্রের খবর, সেই নথির সূত্রেই সুজিতকে তলব করা হয়েছে । ২০১৬ সালে দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান ছিলেন সুজিত। সেই সময় পুর নিয়োগে দুর্নীতি হয়েছিল বলেই মনে করছে সিবিআই। তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই আগামী ৩১ অগস্ট সকাল ১১টায় তাঁকে নিজ়াম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ পুরনিয়োগ মামলায় অয়ন শীলকে গ্রেফতার করেছিল ইডি।রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার তথা প্রযোজক অয়ন শীলের সূত্র ধরেই সর্বপ্রথম পুর নিয়োগ দুর্নীতির হদিস মেলে। ইডির তরফে দাবি করা হয়, অয়নের সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে রাজ্যের একাধিক পুরসভার বিভিন্ন পদে চাকরিপ্রার্থীদের ওএমআর শিট বা উত্তরপত্র পাওয়া গিয়েছে। সূত্রের আরও খবর, জেরায় অয়ন তদন্তকারীদের জানিয়েছেন যে, বিভিন্ন পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার জন্য তিনি মোট ২০০ কোটি টাকা তুলেছিলেন। এর পরেই নজরে।আসে পুরসভার নিয়োগ দুর্নীতি। পুর নিয়োগে দুর্নীতির তদন্তের ভার সিবিআইকে দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু শীর্ষ আদালত রাজ্যের আর্জি খারিজ করে দেয়। বহাল থাকে পুর নিয়োগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশ।






