জেলারাজনীতিরাজ্য

সিঙ্গুর নার্সের মৃত্যুর ঘটনায় নতুন মোড়, বিরোধীদের কটাক্ষ তৃণমূলের

সিঙ্গুরের এক নার্সের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। পরিবার থেকে সরাসরি খুনের অভিযোগ আনা হয়। সেই ঘটনার জেরে বাম ও বিজেপি নেতৃত্বও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল। পরিবারের দাবি মেনে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় কল্যাণী এইমসে।

সেই ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসতেই নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারি প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ এটি আত্মহত্যার ঘটনা। আর এই রিপোর্ট সামনে আসতেই শাসক দল সরাসরি আক্রমণ শানিয়েছে বিরোধীদের বিরুদ্ধে।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যারা এই মৃত্যু নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে গিয়েছিল, তারা এখন ক্ষমা চাইতে বাধ্য। আমরা প্রথম থেকেই জানিয়েছিলাম, বিষয়টি পুলিশ ও প্রশাসন দেখছে। এমনকি কেন্দ্রীয় প্রতিষ্ঠানে ময়নাতদন্তের দাবি উঠলেও আমরা তাতে সায় দিয়েছিলাম।

তিনি আরও যোগ করেন, মৃত্যু যেকোনও কারণেই ঘটুক, তা বেদনাদায়ক। কিন্তু বিরোধীরা যেভাবে প্রকাশ্যে খুন-ধর্ষণের অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়িয়েছিল, তা ঘৃণার যোগ্য। আজ কেন্দ্রীয় হাসপাতালের রিপোর্টই প্রমাণ করেছে, কারা মিথ্যে বলেছিল। মৃতদেহকেও যারা রাজনৈতিক হাতিয়ার করে তোলে, তারা কতটা নিচে নামতে পারে, তা রাজ্যের মানুষ এবার বুঝবেন।

প্রসঙ্গত, গত শুক্রবার কলকাতা মেডিক্যাল কলেজ চত্বরে মৃত নার্সের দেহকে কেন্দ্র করে বাম ও বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। সেই প্রসঙ্গ টেনে কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, তখন দেহের দখল নিয়েও রাজনীতি হচ্ছিল। এখন সত্য প্রকাশ্যে আসতেই ওরা নিশ্চুপ। সাহস থাকলে জনসমক্ষে এসে বলুক, কেন এতদিন মিথ্যে প্রচার চালিয়েছিল। এখন নজর সকলের, বিজেপি বা সিপিএম কোন পক্ষ প্রথমে এই ঘটনার প্রতিক্রিয়া জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.