বাসন্তীতে পুলিশের ওপর নৃশংস হামলার ঘটনায় অবশেষে গ্রেফতার হল মূল অভিযুক্ত জাকির হোসেন মোল্লা-সহ তিন জন। বৃহস্পতিবার রাতে বাসন্তী থানার নতুন আইসি প্রবীর ঘোষের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ধরা হয় জাকির, আরাফ মল্লিক এবং আবু বকর আলি গাজীকে।
৬০ বছর বয়সী জাকিরকে ভাইরাল হওয়া ভিডিওতে গাছের গুঁড়ি হাতে সাব-ইনস্পেক্টর সৌরভ গুহকে পেটাতে দেখা গিয়েছিল। ঘটনার দিন আরও কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছিলেন।
রক্তাক্ত বৃহস্পতিবার:
গত বৃহস্পতিবার বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচার ঘিরে বাসন্তী রণক্ষেত্রে পরিণত হয়। অভিযোগ, লাঠি–রড হাতে সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌঁছনো পুলিশকর্মীদেরও রাস্তায় ফেলে মারধর করা হয়।
কমিশনের কঠোর ব্যবস্থা:
ঘটনার পর কর্তব্যে গাফিলতির অভিযোগে তৎকালীন আইসি অভিজিৎ পালকে সাসপেন্ড করে নির্বাচন কমিশন। বিভাগীয় তদন্তও চলছে। তাঁর জায়গায় দায়িত্ব পান প্রবীর ঘোষ। দায়িত্ব নেওয়ার দুই দিনের মধ্যেই মূল অভিযুক্তদের গ্রেফতার করে কড়া বার্তা দিলেন— সরকারি কর্মীদের ওপর হামলায় কোনও ছাড় নয়।
রাজনৈতিক চাপানউতর:
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক-বিরোধী তর্কযুদ্ধ। বিজেপির অভিযোগ, হামলার পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূল অবশ্য তা অস্বীকার করেছে।
এলাকায় আপাতত কড়া পুলিশি নজরদারি।







