পাঁচ দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে নবান্নে গিয়েছিলেন আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধি দল। তবে লাইভ স্ট্রিমিং-এর শর্ত থাকায় তা মানতে চায়নি নবান্ন৷ বৈঠক ভেস্তে যায়। আজ স্বয়ং মুখ্যমন্ত্রীই হাজির হলেন ধর্নাস্থলে।
রোগী কল্যাণ সমিতি ভাঙলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উবাচ, ‘আপনারা কাজে যোগ দিন। আমি আপনাদের দাবিগুলো দেখব। আমি একা সরকার চালাই না। আমি অফিসারদের সঙ্গে কথা বলব। আমাকে একটু সময় দিন। আপনাদের প্রতি আমি কোনও অবিচার করব না। কাজে ফিরুন। অনেক মানুষ মারা যাচ্ছে।আমি সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে অধ্যক্ষদের চেয়ারম্যান করব। জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স ও পুলিশ থাকবে তাতে। আরজি কর সহ সব কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম।’
মুখ্যমন্ত্রী পৌঁছতেই আন্দোলনকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে শুরু করেন। তাঁদের শান্ত হওয়ার অনুরোধ জানান মমতা। বলেন, ‘আমাকে বলতে দিলে আমি খুশি হব। আমি আপনাদের আন্দোলনকে সমর্থন করি। আমি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লোক।’
আন্দোলনকারীদের উদ্দেশে মমতার মন্তব্য, ‘আমি অনেক চিন্তা করি। চিন্তা করেই এসেছি।’







