নির্বাচনের প্রাক্কালে বাংলা উত্তপ্ত এসআইআর নিয়ে । ২৮ তারিখ প্রকাশ হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার চূড়ান্ত তালিকা । আর চূড়ান্ত তালিকায় ঠিক কতজনের নাম বাদ যাবে , এখন তা নিয়েই সবার দুশ্চিন্তা । আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই বিস্ফোরক দাবী ! লজিকাল ডিসক্রিপেনসির নামে ১ কোটি ২০ লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার ভবানীপুরে জৈন মানস্তম্ভ-সহ একাধিক প্রকল্পের শিলান্য়াস ও উদ্বোধনে এসে , এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , “এসআইআর চলছে। অনেকের ভোটাধিকার বাদ গিয়েছে। আমি দুঃখিত। প্রথমে ৫৮ লক্ষের নাম বাদ গিয়েছে। তারপর লুকিয়ে লুকিয়ে লজিক্যাল ডিসক্রিপেনসির নাম করে নাম বাদ দিচ্ছে। মৃত ভোটার ২০ লক্ষ ধরলে ১ কোটি ২০ লক্ষের নাম বাদ চলে যাবে। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছি। আমার পিটিশন এখনও স্থগিত।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “আদালত বলার পর ৪-৫ দিন কেটে গিয়েছে। এখনও কাজ শুরু হয়নি। আমি জানি না ২৮ তারিখ যখন তালিকা বেরবে তখন যাদের নাম আসবে না তাঁদের কতটা দুঃখ হবে আমার জানা নেই। আমি চাই কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। আমার জানার দরকাই নেই কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে জৈন। গণতন্ত্র ধ্বংস যেন না হয়। সকলে অধিকার পাক। এটাই আমার দেখার।”
“কারও অধিকার ছিনিয়ে নেবেন না। সকলকে তাঁর অধিকার ফিরিয়ে দিন। নিজে বাঁচুন। সকলকে বাঁচতে দিন” , আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের ।
জানা গিয়েছে বর্তমানে , জুডিশিয়াল অফিসাররা , SIR এর নথি খতিয়ে দেখার কাজ করছেন । তবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত নথি খতিয়ে দেখা সম্ভব হবে কিনা , তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে সুপ্রিম নির্দেশ , ওইদিনই প্রকাশ করতে হবে চূড়ান্ত তালিকা ।







