খেলাধুলা

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার নিয়ে স্কাই স্পোর্টসকে পিসিবির চিঠি, পাক বোর্ডের আপত্তিতে উত্তাল লর্ডস

লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট চলাকালীন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা ক্রিকেটার ইমরান খানের দুই ছেলে সুলেমান ও কাসিম খানের সাক্ষাৎকার নিয়েছিল সম্প্রচারকারী সংস্থা স্কাই স্পোর্টস। সেই সাক্ষাৎকার ঘিরেই এবার ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অভিযোগ, সাক্ষাৎকারে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে এমন কিছু মন্তব্য করা হয়েছে, যা পাকিস্তান সরকারের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনায় স্কাই স্পোর্টসকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে প্রতিবাদ জানিয়েছে পিসিবি বলে সূত্রের খবর।

লর্ডস টেস্টের প্রথম দিন লাঞ্চের বিরতিতে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক তথা স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার মাইক আথারটন ইমরানের দুই ছেলের সঙ্গে প্রায় ১৮ মিনিট কথা বলেন। সেই সাক্ষাৎকারে তাঁরা জেলে বন্দি বাবার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের দাবি, ইমরানের স্বাস্থ্য অত্যন্ত সংকটজনক এবং যে কোনও সময় তাঁর মৃত্যু হতে পারে।

একটি ক্রিকেট ওয়েবসাইটের দাবি, সাক্ষাৎকারটি সম্প্রচারের আগে স্কাই স্পোর্টসের সঙ্গে যোগাযোগ করে আপত্তি জানিয়েছিল পিসিবি। এমনকি সাক্ষাৎকারটি সম্প্রচার করা হলে লাঞ্চের পর পাকিস্তান দল মাঠে নামবে না বলেও হুমকি দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। শেষ পর্যন্ত ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং বাবর আজমরা দ্বিতীয় সেশনে খেলতে নামেন।

আলোচনার পর স্কাই স্পোর্টস কিছুটা সময়ের জন্য সাক্ষাৎকারটির সম্প্রচার পিছিয়ে দেয়। তবে পাকিস্তান দল মাঠে নামার পর সেটি সম্প্রচার করা হয়। পাকিস্তানে অবশ্য সিরিজের সম্প্রচারকারী সংস্থা পিটিভি ওই সাক্ষাৎকারটি দেখায়নি। সূত্রের খবর, বিষয়টি নিয়ে ইংল্যান্ডের Foreign, Commonwealth and Development Office (FCDO)-এর কাছেও অভিযোগ জানানোর কথা ভেবেছিল পিসিবি। যদিও শেষ পর্যন্ত সেই পদক্ষেপ করা হয়নি।

তবে স্কাই স্পোর্টস কেন ইমরানের ছেলেদের সাক্ষাৎকার নিল এবং কেন সেই সাক্ষাৎকার সম্প্রচার করা হল, তা নিয়েই মূলত আপত্তি পাকিস্তান ক্রিকেট বোর্ডের। এই বিষয়েই সম্প্রচারকারী সংস্থার কাছে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে বলে খবর।

এদিকে, ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন ২২ জন প্রাক্তন ক্রিকেটার। তাঁদের মধ্যে ছিলেন সুনীল গাভাসকর, নাসের হুসেন, ডেভিড গাওয়ার, ইয়ান ও গ্রেগ চ্যাপেল, কপিল দেব, জন রাইট, স্টিভ ওয়া, ক্লাইভ লয়েড এবং অ্যালিস্টার কুকের মতো তারকারা। এর আগে আরও ১৪ জন প্রাক্তন অধিনায়কও একই বিষয়ে চিঠি দিয়েছিলেন। তবে সেই চিঠিগুলির কোনও জবাব এখনও পাকিস্তান সরকারের তরফে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.