রাজ্য

উৎসবের আগে বড় চমক! ৪৬ হাজার টাকার মধ্যে বেতন হলেই মিলবে ৭,৪০০ টাকার অ্যাড-হক বোনাস

রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য উৎসবের আগে বড় ঘোষণা নবান্নের। শুক্রবার অর্থ দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে ‘অ্যাড-হক বোনাস’ দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। যার ফলে উপকৃত হবেন রাজ্য সরকারের অধীনস্থ দফতরগুলির কর্মী, পঞ্চায়েত, পুরসভার কর্মচারী ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা।

এবার বোনাসের ক্ষেত্রে বেতনের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে ২ হাজার টাকা। অর্থাৎ যাঁদের সংশোধিত মাসিক বেতন ৩১ শে মার্চ ২০২৬ অনুযায়ী ৪৬ হাজার টাকার মধ্যে, তাঁরাই এই সুবিধা পাবেন। গত বছরের তুলনায় এই বৃদ্ধি অনেক কর্মীর জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁরা ‘প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিম’-এর আওতায় আসা প্রত্যেকেই ৭,৪০০ টাকা করে বোনাস পাবেন। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে চুক্তিভিত্তিক কর্মী ও অন্তত ৬মাস পরিষেবা সম্পন্ন কর্মীরাও এই আর্থিক প্রণোদনার যোগ্য বলে জানানো হয়েছে। ২০১৯ সালের পশ্চিমবঙ্গ চাকরি নীতি অনুসরণ করেই এই অর্থ প্রদান করা হবে।

তবে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা খরচ বা অন্য কোনও ভর্তুকি এই বোনাসের সঙ্গে যুক্ত থাকবে না। সরকারি সূত্রে জানা গেছে, ইসলাম ধর্মীয় সম্প্রদায়ের কর্মীরা ইদের আগেই ও হিন্দু কর্মীরা দুর্গাপুজোর আগে বোনাস পেয়ে যাবেন। যার ফলে উৎসবের মরসুমে রাজ্যের কয়েক লক্ষ কর্মীর হাতে অতিরিক্ত নগদ অর্থ পৌঁছবে, যা বাজারে চাহিদা বৃদ্ধি হতে পারে। তবে বিরোধী শিবিরের অভিযোগ, বিধানসভা ভোটকে সামনে রেখেই এই অ্যাড-হক বোনাস ঘোষণা করা হয়েছে। তবে রাজ্য সরকারের দাবি, নিয়ম অনুসারে আর্থিক সহায়তা ও কর্মীদের প্রতি দায়বদ্ধতার অংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.