মার্কিন-ইজরায়েলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই-এর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ভয়াবহ মোড় নেয়। এর পরপরই মার্কিন ও ইজরায়েলি স্বার্থসংশ্লিষ্ট সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে কৌশলগত পাল্টা হামলা শুরু করেছে ইরান। ফলে গোটা গালফ অঞ্চলে দ্রুত বাড়ছে সামরিক উত্তেজনা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে গালফের বিভিন্ন দেশে— বিশেষত সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন-এ।
আবু ধাবির আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। হতাহতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একইভাবে দুবাইতেও বিস্ফোরণের খবর সামনে এসেছে। যদিও সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে, তবুও শহরের বিভিন্ন অংশে বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়ায়।
বাহরাইনের রাজধানী মনামা-র একটি হোটেলে ড্রোন হামলার খবর মিলেছে। উল্লেখযোগ্যভাবে, এই দেশেই রয়েছে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি — United States Fifth Fleet। ফলে এই হামলাকে সরাসরি কৌশলগত বার্তা হিসেবেই দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।
এছাড়াও কুয়েতের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছিল বলে জানা গেছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করেছে বলে দাবি।
পরিস্থিতির গুরুত্ব বুঝে কাতারও সতর্কতা জারি করেছে। রাজধানী দোহা-র আকাশসীমা সাময়িকভাবে নিয়ন্ত্রণে নেওয়া হয়। এখানেই অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল উদেইদ বিমানঘাঁটি।
অন্যদিকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের শহর এরবিল-এর আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকাতেও উত্তেজনার খবর পাওয়া গেছে, যেখানে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে।
এই পরিস্থিতির জেরে গোটা গালফ অঞ্চলে নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। একাধিক দেশ আকাশসীমা নিয়ন্ত্রণে নিয়েছে, আন্তর্জাতিক বিমান চলাচল মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে।
ইরানি সামরিক বাহিনী ইতিমধ্যেই ঘোষণা করেছে— আরব বিশ্বের বিভিন্ন মার্কিন ও ইজরায়েলি ঘাঁটি এখন তাদের ‘টার্গেট’। এর ফলে গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত বহু দেশ তাদের আকাশসীমা বন্ধ করে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে।
বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এই সংঘাত বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। কারণ সংশ্লিষ্ট দেশগুলির মধ্যে দীর্ঘদিন ধরেই সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন চলছিল।
সংযুক্ত আরব আমিরাত-সহ একাধিক গালফ রাষ্ট্র ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং স্পষ্ট বার্তা দিয়েছে— তাদের ভূখণ্ডে আক্রমণ কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
এই সংঘাত এখন শুধুমাত্র সামরিক পর্যায়ে সীমাবদ্ধ নয়; রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রেও তার প্রভাব পড়ছে। আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি রফতানি, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক কূটনৈতিক ভারসাম্য— সবই নতুন অনিশ্চয়তার মুখে।
পরিস্থিতি ক্রমশই ইঙ্গিত দিচ্ছে— মধ্যপ্রাচ্য এক নতুন অস্থির অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।







