জেলা

বারাসাতে পুলিশ কোয়ার্টারে যুবকের রহস্যমৃত্যু, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বারাসাতে পুলিশ কোয়ার্টার থেকে উদ্ধার হল এক যুবকের পচা গলা মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কাছারি মাঠ সংলগ্ন এলাকাজুড়ে। শনিবার রাত প্রায় সাড়ে বারোটার সময় দুর্গন্ধের সূত্র ধরেই ফাঁস হয় এই মর্মান্তিক ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক বারাসাত জেলা পুলিশের এক গাড়িচালকের ছেলে। সদ্য মেডিকেল পাশ করলেও কোনও চাকরি না পাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পরিবারের দাবি, একাধিকবার চেষ্টা করেও চাকরি না মেলায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই যুবক। দীর্ঘদিন ধরে একাকীত্ব ও হতাশা গ্রাস করেছিল তাকে।

শনিবার রাতে আবাসনের বাসিন্দারা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে বিষয়টি প্রথমে পরিবারকে জানান। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায়, যুবক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বারাসাত জেলা হাসপাতালে।

ঘটনার পরই বারাসাত থানার পুলিশ তদন্তে নেমেছে। আত্মহত্যার পিছনে শুধুই মানসিক অবসাদ নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে।

সদ্য ডাক্তারি পাশ করা একজন যুবকের এই পরিণতি সমাজের সামনে এক বড় প্রশ্ন তুলে দিল—যোগ্যতা থাকলেও চাকরির অনিশ্চয়তা এবং মানসিক চাপের বেড়াজাল কতটা ভয়ংকর হতে পারে। পুলিশের তদন্তের দিকে এখন নজর গোটা এলাকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.