সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে এবার নতুন মোড় নিচ্ছে আন্দোলন। রাজ্য সরকার একদিকে বলছে অর্থাভাব, অথচ প্রকল্প ও অনুদানে বিপুল অঙ্কের অর্থ বরাদ্দই স্পষ্ট করে দিচ্ছে আসলে সমস্যা টাকার নয়, সদিচ্ছার অভাব।
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নামক নতুন প্রকল্পে রাজ্য সরকার বরাদ্দ করেছে প্রায় ৮ হাজার কোটি টাকা। রাজ্যের প্রায় ৮০ হাজার বুথের প্রতিটিতে ১০ লক্ষ টাকা করে খরচ করা হবে এই প্রকল্পে। পাশাপাশি, দুর্গাপুজোর জন্য ৪৩ হাজার ক্লাবকে দেওয়া হবে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান, যার মোট ব্যয় দাঁড়ায় ৪৭৭ কোটি টাকারও বেশি।
এই দুই উদাহরণ তুলে ধরে সরকারি কর্মচারীদের সংগঠন ‘কনফেডারেশন’ দাবি করছে, “যখন রাজ্যের হাতে এত টাকা রয়েছে, তখন ডিএ বকেয়া রাখার যুক্তি চলে না।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৪ অগস্ট সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে এই আর্থিক খরচের তথ্যই তুলে ধরা হবে, যাতে আদালত বুঝতে পারে সরকার ইচ্ছা করলেই বকেয়া মেটাতে পারে।
সরকার বলছে টাকা নেই, অথচ খরচ হচ্ছে হাত খুলে
২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA এর – পরিমাণ ৪১ হাজার ৭৭০ কোটি টাকা। এর মধ্যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়েছে ২৫ শতাংশ অর্থাৎ প্রায় ১০ হাজার ৪৪২ কোটি টাকা মেটাতে হবে। কিন্তু রাজ্য জানায়, তাদের হাতে সেই অর্থ নেই।
সরকারি কর্মীদের অভিযোগ, যেসব প্রকল্পে সরকার এত টাকা ঢালছে, সেই প্রকল্প রূপায়নের দায়িত্বও বহন করেন তাঁরাই। অথচ নিজেদের প্রাপ্য পাওয়ার জন্য তাঁদের আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। একজন কর্মী স্পষ্ট বলেছেন, “প্রকল্প আমরা চালাই, ক্লাব অনুদান আমরা পৌঁছে দিই, অথচ নিজের হক চাইতে আমাদের যেতে হচ্ছে সুপ্রিম কোর্টে- এটা শুধুই অন্যায় নয়, অপমানও।” শুধু ২৫% নয়, এবার ১০০% ডিএর দাবিতে সরব কর্মচারীরা কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য দিয়ে আদালতকে বিভ্রান্ত করছে।
তাই এবার শুনানিতে দাবি তোলা হবে শুধু ২৫ শতাংশ নয়, রাজ্যকে পূর্ণ ১০০% বকেয়া ডিএ মেটাতেই হবে। তাঁর মতে, “সরকারের সাম্প্রতিক ব্যয় পরিকল্পনাই প্রমাণ করছে তারা চাইলে সব বকেয়া একসঙ্গে মেটাতে সক্ষম।”শুধু আদালতের লড়াই নয়, এটা সম্মানের ডিএ মামলার শুনানিকে ঘিরে শুধু আইনজীবী নয়, রাজ্যজুড়ে হাজার হাজার সরকারি কর্মচারীও তাকিয়ে রয়েছেন রায়ের দিকে। তাঁদের মতে, এই মামলা আর শুধুমাত্র অর্থনৈতিক লড়াই নয়, এটা আত্মসম্মানের লড়াই।
সরকারের হাতে এখন দুটি পথ একদিকে আদালতের রায় মেনে সমস্ত বকেয়া মেটানো, অন্যদিকে ফের সময় চেয়ে আবেদন করা। তবে এবার আগের মতো সহজে ছাড় পাবে না রাজ্য, কারণ তথ্য-প্রমাণেই স্পষ্ট সরকার চাইলে ডিএ দিতে বাধ্য।







