রাজনীতিরাজ্য

বিষ্ণুপুরে বিধ্বংসী আগুন, টিটাগড়ে বিস্ফোরণ! জড়িত রাজনৈতিক নাম, তদন্তে পুলিশ

আজ ভোররাতে বিষ্ণুপুরের একটি কাঠ ও প্লাইউডের গুদামে বিধ্বংসী আগুন লাগে। কাঠ ও প্লাইউড সহজেই দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোর তিনটে নাগাদ আগুন দেখতে পান তাঁরা। তড়িঘড়ি বিষ্ণুপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দমকলের বেহালা, ফলতা সহ ৫টি কেন্দ্র থেকে ইঞ্জিন এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আগুনের তাপে তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়, ফলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও হতাহতের কোনও খবর নেই, তবে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

অন্যদিকে, সকালে টিটাগড়ে একটি বহুতলের পাঁচতলার ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। ফ্ল্যাটটি টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডলের জবরদখলে ছিল বলে দাবি করেছেন এক প্রোমোটার। পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাটের শৌচাগারে মজুত বোমা ফেটে এই বিস্ফোরণ হয়। উল্লেখযোগ্যভাবে, ওই কাউন্সিলর থাকেন একই ভবনের চারতলায়।

প্রোমোটারের দাবি, নির্বাচনের সময় থেকে কাউন্সিলর জোর করে ফ্ল্যাটটি দখল করে রেখেছেন এবং তা ফেরত চাইলে হুমকি দিচ্ছেন। তবে কাউন্সিলরের দাবি, তাঁকে রাজনৈতিক ষড়যন্ত্রে ফাঁসানো হচ্ছে। বিস্ফোরণের ঘটনায় তিনিও আতঙ্কিত। টিটাগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ফরেন্সিক পরীক্ষার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.