থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়াকে। বাংলাদেশ অভিবাসন পুলিশের এক সূত্র জানিয়েছে, বিমানবন্দরেই প্রথমে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাঁকে হস্তান্তর করা হয় রাজধানীর ভাটারা থানায়। সেখান থেকে নায়িকাকে পাঠানো হয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে।
নুসরতের বিরুদ্ধে কী অভিযোগ উঠেছে, তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গেছে, গত বছর দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি আওয়ামী লীগের হয়ে আর্থিক সাহায্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, একটি হত্যা মামলাতেও তাঁর নাম জড়িয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
বিশ্লেষক মহলের মতে, নুসরতের আওয়ামী লীগপ্রীতিই তাঁর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অনেকেই মনে করছেন, এই চরিত্রই তাঁকে রাজনৈতিক ফাঁদে ফেলে দিয়েছে। দেশের সাংস্কৃতিক অঙ্গনের অনেকে দাবি করেছেন, ‘ইউনূসপন্থী’ পুলিশের প্রতিহিংসার শিকার হয়েছেন নুসরত।
বাংলাদেশে গত কয়েক দিনে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। সাম্য খুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা-সহ একাধিক ইস্যুতে আন্দোলনে সরব শতাধিক শিক্ষার্থী। এই প্রেক্ষাপটে, সরকারের ঘনিষ্ঠদের উপর চাপ বাড়াতে পরিকল্পিতভাবেই গ্রেফতার অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নুসরতের গ্রেফতারকেও অনেকে সেই কৌশলের অংশ বলেই দেখছেন। এই ঘটনায় দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। ইউনূসপন্থী পুলিশ-প্রশাসনের এই পদক্ষেপের মাধ্যমে নুসরতের মতো সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিশানা করায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মহল।







