শীতের মরশুম পড়তেই উত্তর ২৪ পরগনা থেকে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে চোরা শিকারিদের দাপট। বন্দুকের নলে পড়ছে নিরীহ পরিযায়ী পাখিরা—ঘুঘু, পানকৌড়ি, বক, আরও কত যে নাম। প্রতিবার শীত নামলেই সুদূর সাইবেরিয়া সহ ভিনদেশ থেকে এই পাখিরা ভিড় জমায় নবান্নের ধানক্ষেত, বিল, জলাশয়ে—খাবারের সন্ধানে। কিন্তু সেই সুযোগেই ওত পেতে থাকে একদল শিকারি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহকুমার সংরামপুর, ইটিন্ডা, পানিটর, গাছা বিল, বললি সহ একাধিক এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এই চোরা শিকারির দল। হাতে দুনলা বন্দুক, কোমরে পাউচ ব্যাগ ভর্তি গুলি ও ধারালো অস্ত্র—মোটরবাইকে করে এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছে তারা। কোথাও গাছের ফাঁক দিয়ে এয়ারগান দিয়ে গুলি, কোথাও খোলা মাঠে ছড়িয়ে রয়েছে মৃত পাখির দেহ। ক্যামেরা দেখলেই উল্টো সুর—অজুহাত, “ধানক্ষেতের মাছ বাঁচাতে পাখি তাড়াচ্ছি।” কিন্তু সত্যি হল, ব্যাগভর্তি মৃত পাখি তাদের অপরাধই ফাঁস করে দিচ্ছে।
পরিবেশবিদদের মতে, এই নির্বিচার পাখি শিকার শুধু প্রাণহানিই নয়, বাস্তুতন্ত্রেরও মারাত্মক ক্ষতি করছে। যুক্তিবাদী ও বিজ্ঞান মঞ্চের সদস্য রঞ্জিত মুখার্জী বলেন, “এই পাখিরাই পরিবেশের ভারসাম্য রক্ষা করে—কীটপতঙ্গ, শামুক, গুগলি খেয়ে প্রাকৃতিক নিয়ন্ত্রণ বজায় রাখে। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রকৃতির রূপ বদলে যাবে।”
প্রশ্ন উঠছে—প্রশাসন কি এবারও চুপ করে থাকবে? চোরা শিকারিরা যখন প্রকাশ্যে বন্দুক তুলে ধরছে, তখন প্রকৃতি যেন নিঃশব্দে হারাচ্ছে তারই ডানার ছায়া।







