ক্রাইমজেলা

রাতদুপুরে আসানসোলের কুলটিতে রোমহর্ষক শুটআউট! পুরসভার কর্মীকে লক্ষ্য করে গুলি, সিসিটিভিতে ধরা পড়ল হত্যার চেষ্টা

আসানসোল: শুক্রবার রাতদুপুরে চাঞ্চল্যকর শুটআউট কুলটিতে। আসানসোল পুরনিগমের এক কর্মীকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুই দুষ্কৃতী। গুরুতর জখম যুবককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে পুরো ঘটনাটি। আতঙ্কে কাঁপছে এলাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম জাভেদ বারিক। বাড়ি ফেরার পথে কুলটির নিয়ামতপুরের রহমান পাড়ায় এই হামলার শিকার হন তিনি। ফুটেজে দেখা যাচ্ছে—রাস্তায় আগে থেকেই ওঁত পেতে বসেছিল দুই দুষ্কৃতী। জাভেদ হেঁটে যেতেই পিছনে ধাওয়া করে খুব কাছ থেকে মাথা লক্ষ্য করে গুলি চালায় তারা। মুহূর্তে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জাভেদ। তারপর দ্রুত বাইক চেপে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসানসোল পুরসভার প্রাক্তন কাউন্সিলর মীর হাকিম। তাঁর কথায়,

“আমরা পার্টি অফিসে বসেছিলাম। হঠাৎ খবর এল পাড়ায় গুলি চলেছে। গিয়ে জানলাম, আক্রান্ত যুবক পুরনিগমের কর্মী। খুব ভাল ছেলে, কোনও বেআইনি কাজে জড়িত নয়। কেন তাকে গুলি করা হল, বুঝতে পারছি না। তবে পুলিশের উপর ভরসা আছে—খুব তাড়াতাড়ি আসল কারণ ও অপরাধীদের খুঁজে বের করবে।”

এখনও পলাতক দুষ্কৃতীরা। পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পিত হামলাই ঘটেছে। তবে সঠিক কারণ খুঁজতে তদন্তে নেমেছে কুলটি থানার পুলিশ।

এলাকাবাসীর কথায়, রাতদুপুরে এমন ভয়ঙ্কর শুটআউট কুলটিতে এর আগে ঘটেনি। ফলে স্বাভাবিকভাবেই চরম আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.