আফগানিস্তানের ভেতরে বোমা বর্ষণ করল পাকিস্তান সেনা। আর সেই হামলার পরই প্রতিবেশী ইসলামাবাদকে তীব্র আক্রমণ করল কাবুলে ক্ষমতাসীন তালিবান সরকার। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে স্পষ্ট বার্তা— “এভাবে সীমান্ত লঙ্ঘন করে হামলা চালানো হলে ভয়াবহ পরিণতি ভুগতে হবে পাকিস্তানকে।”
প্রতিরক্ষা মন্ত্রক এক্স হ্যান্ডলে বিবৃতি দিয়ে এই হামলাকে ‘নিষ্ঠুর, অমানবিক এবং দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছে। পাশাপাশি সতর্ক করে বলেছে, দুই মুসলিম প্রধান দেশের মধ্যে এমন পদক্ষেপ সম্পর্ক আরও খারাপ করবে এবং ঘৃণা ছড়িয়ে দেবে।
নানগরহর ও খোস্তে বিস্ফোরণ, নিহত-আহত অনেকে
সূত্রে জানা গেছে, আফগানিস্তানের নানগরহর এবং খোস্ত প্রদেশে হামলা চালিয়েছে পাকিস্তান সেনা। বোমাবর্ষণে তিনজন আফগান নাগরিকের মৃত্যু হয়েছে, আহত অন্তত সাতজন। প্রথমে হামলাকারী কারা তা স্পষ্ট না হলেও পরে পাক সেনার নাম উঠে আসে।
এখনও পর্যন্ত পাকিস্তানের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
দীর্ঘদিন ধরেই তলানিতে সম্পর্ক
তালিবান কাবুল দখল করার পর থেকেই ইসলামাবাদ-কাবুল সম্পর্কের অবনতি ঘটে। জাফরা এক্সপ্রেস অপহরণ-কাণ্ডে পাকিস্তান সরাসরি আফগানিস্তানকে দায়ী করে। ইসলামাবাদ দাবি করেছিল, তালিবানই বালোচ বিদ্রোহীদের সঙ্গে যোগসাজশ করে হামলার ছক কষছে। যদিও তালিবান সে অভিযোগ অস্বীকার করেছিল।
অন্যদিকে, পাকিস্তানি সেনার সঙ্গে তালুকানভিত্তিক বিদ্রোহী সংগঠন টিটিপি (তেহরিক-ই-তালিবান পাকিস্তান)-এর সম্পর্কও ক্রমেই তলানিতে গিয়ে ঠেকেছে। ফলে সাম্প্রতিক এই বোমা হামলা ইসলামাবাদ-তালিবান সংঘাতকে আরও বাড়িয়ে তুলল বলেই মত কূটনৈতিক মহলের।







