বিদেশ

১৯৮ কিমি গতির ঝড়, ভারী বৃষ্টির আশঙ্কা! জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, জারি বড় সতর্কতা

উৎসবের ছুটির মধ্যেই বড় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা জাপানে। শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’ দ্রুত এগিয়ে আসছে দেশের পূর্ব উপকূলের দিকে। ঝড়ের প্রভাবে ইতিমধ্যেই পূর্ব জাপানের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। পরিস্থিতি আরও খারাপ হলে বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা (JMA) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে টাইফুনটির অবস্থান ছিল টোকিওর কাছে ইজু দ্বীপপুঞ্জের হাচিজো দ্বীপ থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ঘণ্টায় প্রায় ২৫ কিলোমিটার গতিতে উত্তর দিকে এগোচ্ছিল ঝড়টি। এর কেন্দ্রের বায়ুচাপ ছিল ৯৬০ হেক্টোপাস্কাল। সর্বোচ্চ ঝোড়ো হাওয়ার গতি পৌঁছতে পারে ঘণ্টায় প্রায় ১৯৮ কিলোমিটার পর্যন্ত।

কোথায় কতটা বৃষ্টির আশঙ্কা?

টাইফুনের প্রভাবে কান্টো-কোশিন, তোকাই এবং ইজু দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বৃষ্টির দাপট বেড়েছে। চিবার একাধিক এলাকায় জল জমার খবরও এসেছে। ইজু দ্বীপপুঞ্জের কিছু এলাকায় ভূমিধসের ঝুঁকি এতটাই বেড়েছে যে সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তোকাই অঞ্চলে সর্বোচ্চ ৩৫০ মিলিমিটার, কান্টো ও ইজু দ্বীপপুঞ্জে ৩০০ মিলিমিটার এবং তোহোকু অঞ্চলে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

ব্যাহত যান চলাচল

দুজুয়ানের প্রভাবে জাপানের পরিবহণ ব্যবস্থাতেও প্রভাব পড়েছে। বেশ কিছু হাইওয়ের অংশ বন্ধ রাখা হয়েছে। টোকিও ও পশ্চিম জাপানের মধ্যে বুলেট ট্রেন পরিষেবাতেও দেরি বা বাতিলের আশঙ্কা তৈরি হয়েছে। ছুটির মরশুমে সাধারণ মানুষকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজন অনুযায়ী যাত্রার পরিকল্পনা বদলানোর পরামর্শ দিয়েছে প্রশাসন।

আবহাওয়াবিদদের আশঙ্কা, অতিভারী বৃষ্টির সঙ্গে প্রবল হাওয়া মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ফলে নদী-নালা সংলগ্ন এলাকা এবং ভূমিধসপ্রবণ অঞ্চলের বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.