গত বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতী হামলার মুখে পরেন ভাঙড়ে তৃণমূল নেতা ও চালতাবেড়িয়া অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ। তারপর থেকেই এলাকাজুড়ে চাপা উত্তেজনা কাজ করে। এবার এই ঘটনার তদন্ত করছে কাশীপুর থানার পুলিশ ও কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা, গুন্ডা দমন শাখা এবং স্পেশাল ব্রাঞ্চ। পাশাপাশি গ্রেফতার ৪। সোমবার অভিযুক্তদের বারুইপুর মহকুমা আদালতে।
গত বৃহস্পতিবার রাতে দলীয় বৈঠক সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা ঘিরে ধরে পরপর তিনটি গুলি চালায়। তারপর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ঘটনাস্থলেই প্রাণ হারায় এই তৃণমূল নেতা। যার ফলে এলাকাজুড়ে তৈরি হয় থমথমে পরিবেশ। পুলিশ তদন্তে নেমে রবিবার সকালে তৃণমূলের এক স্থানীয় নেতা, ভাঙড় বিধানসভা তৃণমূল কমিটির সদস্য মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করেছে। সেই অভিযুক্ত তৃণমূলনেতাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে অন্যান্যদের নাম।
পাশাপাশি কাশীপুর থানা এলাকার বিজয়গঞ্জ বাজার ও চক মরিচা থেকে আজহারউদ্দিন মোল্লা, জাহান আলি খান ও রাজু মোল্লাকে গ্রেফতার হয়। লালবাজারের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার ও ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ সরাসরি এই তদন্তের ওপর নজর রাখছেন। তৃণমূল নেতা খুনের অভিযোগে আরও এক তৃণমূল নেতার গ্রেফতারে চড়ছে রাজনৈতিক পারদ। বিধায়ক শওকত মোল্লার দাবি করেছেন এই ঘটনার সঙ্গে আইএসএফের যোগ আছে। তবে গোষ্ঠীদ্বন্দ্বের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা। এই ঘটনায় ৪ জন গ্রেফতার হলেও এখনও স্পষ্ট নয় এই হত্যার নেপথ্যে থাকা মূল কারণ। সেই কারণ জানতেই তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ







