পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে দেশীয় বন্দুক সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম তমাল জ্যোতি জানা (২৬)। তিনি বেলদা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগড় থানার অন্তর্গত ১৬ নম্বর জাতীয় সড়কের ডহরপুর সংলগ্ন একটি হোটেলের ম্যানেজারকে গত কয়েক মাস ধরে ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত টাকা দাবি করছিল অভিযুক্ত। অভিযোগ, টাকা না দিলে ভয় দেখানো ও প্রাণনাশের হুমকিও দেওয়া হতো। একাধিকবার হুমকি পাওয়ার পর হোটেল কর্তৃপক্ষ পুলিশের দ্বারস্থ হয়।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নারায়ণগড় থানার পুলিশ। অভিযান চালিয়ে অভিযুক্ত তমাল জ্যোতি জানাকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না এবং আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনার পর নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, ধৃত যুবক একজন বিজেপি কর্মী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তমাল জ্যোতি জানার একাধিক ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে তাকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও দলের অন্যান্য নেতার সঙ্গে দেখা যাচ্ছে।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন ধৃত তমাল জ্যোতি জানা। তাঁর দাবি, “আমি বিজেপি করি বলেই শাসকদলের পক্ষ থেকে চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে।” অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, এই ঘটনায় বিজেপির ‘আসল চরিত্র’ প্রকাশ্যে এসেছে।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনি পদক্ষেপ করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।







