রাজ্য

বছর শেষ হতেই ছুটির বন্যা, জানুয়ারিতে টানা ১০ দিনের সুযোগ সরকারি কর্মীদের

নতুন বছরের দোরগোড়ায় রাজ্য সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ সুখবর। চোখের পলকে শেষ হতে চলেছে ২০২৫, আর ২০২৬-এর শুরুতেই মিলছে টানা ছুটির সুযোগ। এর আগেই ডিসেম্বর মাসের শেষে আরও একটি অতিরিক্ত ছুটি ঘোষণা করল রাজ্যের অর্থদফতর। যার ফলে বছরের শেষ আর শুরুতে দু’দিকেই লম্বা ছুটির আনন্দে ভাসতে চলেছে সরকারি কর্মচারীরা।

অর্থ দফতরে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ২৭শে ডিসেম্বর, শনিবার গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পূরব উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই ছুটি সকলের জন্য নয়। এটি একটি ‘সেকশনাল হলিডে’, অর্থাৎ শুধুমাত্র শিখ সম্প্রদায়ের সরকারি কর্মচারীরাই এই ছুটির সুবিধা পাবেন। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের, লোকাল বডি, স্ট্যাটুটরি বডি, বোর্ড, কর্পোরেশন ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিখ কর্মচারীরা এই ছুটির আওতায় পরবেন।

উল্লেখযোগ্য বিষয় হল, ২৫ শে ডিসেম্বর রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরই ছুটি থাকে। ফলে যাঁরা সেকশনাল হলিডে পাবেন, তাঁদের ক্ষেত্রে ২৭ ও ২৮ ডিসেম্বর মিলিয়ে বছরের শেষে টানা দু’দিন ছুটির সুযোগ তৈরি হচ্ছে। পরবর্তীতে জানুয়ারি মাসে ছুটির তালিকা হবে আরও আকর্ষণীয়। ১ লা জানুয়ারি নববর্ষের ছুটি দিয়ে মাসের শুরু। এরপর ১০ই জানুয়ারি শনিবার, ১১ জানুয়ারি রবিবার ও ১২ জানুয়ারি সোমবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী তথা জাতীয় যুব দিবস উপলক্ষে টানা ৩ দিনের ছুটি মিলবে। তার ঠিক পরেই ১৪ ই জানুয়ারি মকর সংক্রান্তির ছুটি। মাঝের মঙ্গলবার একদিন ছুটি নিতে পারলে সরকারি কর্মীরা টানা ৫ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

ছুটির সুখ এখানেই শেষ নয়। ২৩ জানুয়ারি, শুক্রবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও সরস্বতী পুজোর জন্য ছুটি রয়েছে। এরপর ২৪ ও ২৫ জানুয়ারি শনি-রবি, আর ২৬ জানুয়ারি, সোমবার প্রজাতন্ত্র দিবস। যার ফলে জানুয়ারির শেষ ভাগেও মিলছে টানা ছুটির সুযোগ। সব মিলিয়ে, ২০২৬ সালের জানুয়ারি মাসে দু’দফায় প্রায় ১০ দিনের ছুটি পাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা—নতুন বছর শুরুটাই যেন এক্কেবারে আনন্দের ছুটির আমেজে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.