বঙ্গে ভোট ঘোষণার পরেও কাটেনি SIR জটিলতা। রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পদক্ষেপের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হলো ২৩ শে মার্চ। সোমবার প্রকাশিত হতে চলেছে এসআইআরের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দাবি, সন্ধ্যার পরে এই তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার আগে এই তালিকা প্রকাশ করা হবে না। এমনকি এখনও পর্যন্ত যে বিপুল সংখ্যক ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন ভোটারের তথ্য যাচাই সম্পন্ন হয়েছে, সেই তালিকার প্রথম ধাপ অবশেষে প্রকাশ হতে চলেছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ২৮ লক্ষ ৬ হাজার ভোটারের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যা এই তালিকায় অন্তর্ভুক্ত থাকবে। চূড়ান্ত ভোটার তালিকার মতো এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রস্তুত করা হয়েছে। জেলা নির্বাচনী আধিকারিকদের মাধ্যমে সেটা প্রতিটি বুথে পাঠানো হবে। পাশাপাশি সেখানেই সেই তালিকা ঝুলিয়ে দেওয়া হবে। যার ফলে সাধারণ ভোটাররা সরাসরি গিয়ে নিজেদের নাম যাচাই করতে পারেন।
এছাড়াও সোমবার বিকেলের মধ্যেই জেলাগুলিতে দ্বিতীয় দফার তালিকাও পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই তালিকায় মূলত তাঁদের নাম থাকবে, যাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিয়ে আগে সংশয় ছিল। এমনকি পুনরায় যাচাইয়ের জন্য আটকে রাখা হয়েছিল।
তবে প্রথম পর্যায়ে এই তালিকা অনলাইনে প্রকাশ করা হচ্ছে না। ভোটারদের বুথ, বিডিও, এসডিও বা ডিএম অফিসে গিয়ে তালিকা দেখতে হবে। পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে সেটা আপলোড করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখযোগ্যভাবে, রাজ্যে ৮০ হাজারের অধিক বুথ থাকলেও সব বুথে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে না। কারণ, কালিম্পং, ঝাড়গ্রাম ও দার্জিলিংয়ের মতো কয়েকটি জেলায় বহু বুথে কোনও বিবেচনাধীন ভোটার নেই।







