নতুন অর্থবর্ষের শুরুতেই এটিএম লেনদেনে বড়সড় পরিবর্তনের পথে দেশের একাধিক ব্যাংক। নগদের ব্যবহার কমিয়ে ডিজিটাল পেমেন্টে জোর দিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বদল আনছে HDFC Bank। এখন থেকে ইউপিআই-এর মাধ্যমে এটিএম থেকে টাকা তোলাও মাসিক ফ্রি ট্রানজাকশনের সীমার মধ্যেই ধরা হবে। ফলে নির্ধারিত ফ্রি লিমিট পেরোলেই গ্রাহকদের বাড়তি খরচ গুনতে হবে। আগে যেখানে অতিরিক্ত লেনদেনে ২১ টাকা চার্জ নেওয়া হত, তা বাড়িয়ে ২৩ টাকা করা হচ্ছে।
অন্যদিকে, নিরাপত্তা জোরদার করতে পদক্ষেপ নিচ্ছে Punjab National Bank। জালিয়াতির ঝুঁকি কমাতে ডেবিট কার্ডের মাধ্যমে প্রতিদিন নগদ তোলার সর্বোচ্চ সীমা কমানো হচ্ছে। আগে ১ লক্ষ টাকা পর্যন্ত তোলা গেলেও এখন তা কমে দাঁড়াচ্ছে ৫০ হাজার থেকে ৭৫ হাজার টাকার মধ্যে।
ডিজিটাল সুবিধা বাড়াতে নতুন পরিষেবা আনছে Jio Payments Bank। কিউআর কোড স্ক্যান করে কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার সুবিধা চালু করা হচ্ছে, যা গ্রাহকদের জন্য আরও সহজ ও নিরাপদ অভিজ্ঞতা দেবে।
ব্যাংকিং মহলের মতে, এই পরিবর্তনের মূল লক্ষ্য নগদ নির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করা। পাশাপাশি, গ্রাহকদের লেনদেনের ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে মেট্রো ও নন-মেট্রো শহরে ফ্রি ট্রানজাকশনের সংখ্যা আলাদা হওয়ায় আগে থেকেই নিয়ম জেনে নেওয়া জরুরি।







