কলকাতা: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে নতুন করে ফের জোরালো নক্ষত্রপতনের ইঙ্গিত। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সদস্য ও ভারতের টেনিস আইকন লিয়েন্ডার পেজ এবার বিজেপিতে যোগ দিতে পারেন—এমন জল্পনা তুঙ্গে। সোমবার নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে তাঁর একান্ত বৈঠক সেই জল্পনাকে আরও উসকে দিল।
গোপন বৈঠকে কী হল?
সূত্রের খবর, কলকাতায় অবস্থানরত বিজেপি সভাপতি নিতিন নবীনের সঙ্গে দেখা করতে আজ সকালেই হোটেলে পৌঁছান অলিম্পিয়ান লিয়েন্ডার পেজ। প্রায় এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক চলে দুই পক্ষের মধ্যে। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারাও। আলোচনা ইতিবাচক দিকেই গিয়েছে বলে বিজেপি শিবিরের দাবি। প্রাথমিক পর্যায়ে সমঝোতার ভিত্তি তৈরি হয়েছে বলেও জানা গেছে।
তৃণমূল ছেড়ে কি এবার সরাসরি গেরুয়া শিবিরে?
২০২১ সালের অক্টোবর মাসে গোয়া নির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার পেজ। ঘাসফুলের হয়ে প্রচারও করেছিলেন তিনি। তবে গত কয়েক বছরে তাঁকে তৃণমূলের কর্মসূচিতে দেখা যায়নি বললেই চলে। ফলে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছিল। এদিন বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সেই অনুমানকে প্রায় পোক্ত করেই দিল রাজনৈতিক মহলে।
বিজেপি কেন চাইছে লিয়েন্ডারকে?
বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে একজন আন্তর্জাতিক মানের বাঙালি ক্রীড়াবিদকে দলে টেনে শক্তিশালী বার্তা দিতে চাইছে বিজেপি। শিক্ষিত, শহুরে ও ক্রীড়াপ্রেমী ভোটারদের কাছে পৌঁছাতে লিয়েন্ডারের গ্রহণযোগ্যতা বিশেষ উপকারী হতে পারে বলে মনে করছে গেরুয়া শিবির। অলিম্পিক পদকজয়ী তারকার ‘ক্লিন ইমেজ’কে প্রচারের হাতিয়ার করতেই এই পদক্ষেপ—এমনটাই রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত।
অফিসিয়ালি কিছুই ঘোষণা হয়নি—তবু প্রস্তুতি চূড়ান্ত
যদিও লিয়েন্ডার পেজ বা বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবু বিজেপি সূত্রের খবর, যোগদানের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। রাজ্যের বহু শীর্ষনেতার সঙ্গেই লিয়েন্ডারের যোগাযোগ চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই সম্ভাব্য ‘মাস্টারস্ট্রোক’ বিরোধী শিবিরকে অস্বস্তিতে ফেলতে পারে।
২০২৬-এর হাই-ভোল্টেজ নির্বাচনের আগমুহূর্তে লিয়েন্ডার পেজকে নিয়ে রাজ্য রাজনীতিতে যে উত্তাপ ছড়িয়েছে, তা এখন চূড়ান্ত ঘোষণার অপেক্ষায়।







