নিজস্ব সংবাদদাতা: রাজ্য বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে বুধবার আরও ১৯টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। সেই তালিকায় সবচেয়ে আলোচিত নাম—পানিহাটি আসনে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নামছেন আরজিকর মেডিক্যাল কলেজ-হাসপাতালে নির্মম অত্যাচারের শিকার তরুণী চিকিৎসকের মা। দীর্ঘদিনের জল্পনায় শেষমেশ সিলমোহর পড়ল।
কয়েক দিন আগেই মেয়ের বিচার পাওয়ার লড়াইকে রাজনৈতিক মঞ্চে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। সংবাদমাধ্যমের সামনে নির্যাতিতার মা বলেন, “কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ফিরিয়ে আনতে আমাকে রাজনীতিতে আসতেই হবে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতিতে ভরা এই রাজ্যে মানুষ ভাল নেই। তাই তৃণমূলের মূলটাই উপড়ে ফেলতে আমি বিজেপিতে যোগ দিয়েছি।”
তাঁর অভিযোগ, সিবিআই ডিরেক্টর ও তদন্তকারী আধিকারিকদের উপর এখনও ক্ষোভ রয়ে গিয়েছে। যথাযথ তদন্ত না হওয়ায় বিচার পেতে দেরি হচ্ছে বলে দাবি করেন তিনি। তবে রাজনৈতিক লড়াইয়ে সামিল হওয়ায় বিচার পাওয়ার প্রচেষ্টা আরও শক্তিশালী হবে বলেই তাঁর মত।
এ দিন নির্যাতিতার মা প্রকাশ্যে নিজের পরিচয়ও জানান। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, প্রাপ্তবয়স্ক কোনও ধর্ষিতা নারী বা তাঁর পরিবার চাইলে স্বেচ্ছায় পরিচয় প্রকাশ করতে পারেন। সেই নিয়ম মেনেই পরিচয় সামনে আনার সিদ্ধান্ত তাঁর। উল্লেখযোগ্য, অতীতেও পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলার তরফে সুজেট জর্ডান নিজেই স্বেচ্ছায় পরিচয় প্রকাশ করেছিলেন।
বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত রাজ্যের রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিজেপির তরফে এখনও পর্যন্ত পর্যায়ক্রমে প্রার্থী তালিকা প্রকাশ অব্যাহত রাখা হয়েছে।







