তিব্বতি বা নেপালি মোমো এখন ভারতের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড। শহরের অলিতেগলিতেও দিনে দিনে বাড়ছে মোমোর দোকান। কিন্তু সেই জনপ্রিয় খাবারই ভয়াবহ বিপদের কারণ হল নাই আবাদী এলাকায়। স্থানীয় একটি দোকান থেকে মোমো খাওয়ার পর একাধিক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে।
দুটি ভিন্ন পরিবারের অভিযোগ—মোমো খাওয়ার কিছু পরেই শুরু হয় বমি, পেটে তীব্র ব্যথা, মাথাব্যথা ও জ্বরের মতো উপসর্গ। নাই আবাদী এলাকার একই পরিবারের দশজন সদস্য একটি পারিবারিক অনুষ্ঠানের খাবার অর্ডার করে অসুস্থ হয়ে পড়েন।
আক্রান্তদের এক আত্মীয় আরিফ বলেন, “গতকাল সন্ধ্যায় মোমো খাওয়ার পর আজ সবাই একসঙ্গে অসুস্থ হতে শুরু করে।” অন্য এক রোগী স্যান্ডি জানান, “একই দোকান থেকে মোমো খেয়েছিলাম। এরপরেই দুই দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে।”
দাদরি সরকারি হাসপাতালের চিকিৎসক কাশিফ নাদিম আলম নিশ্চিত করেছেন যে, বর্তমানে ১০-১২ জন রোগী চিকিৎসাধীন। তাঁর কথায়, “প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটি খাদ্যে বিষক্রিয়ার ঘটনা।” তবে দ্রুত চিকিৎসায় রোগীদের অবস্থার উন্নতি হচ্ছে।
ঘটনা প্রকাশ্যে আসতেই জেলা প্রশাসনের নড়েচড়ে বসেছে। জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। খাদ্য নিরাপত্তা বিভাগ জানিয়েছে, নমুনা সংগ্রহ ও স্বাস্থ্যবিধি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট মোমো দোকানে তদন্তকারী দল পাঠানো হচ্ছে।
স্থানীয়দের প্রশ্ন—দ্রুত জনপ্রিয় হওয়া স্ট্রিট ফুডের মান কে দেখবে? অভিযান চলবে বলেই জানানো হয়েছে প্রশাসনের তরফে।







