স্বাধীনতা দিবস ২০২৫-এ দ্বিগুণ উৎসবের আয়োজন করল ম্যাডক ফিল্মস। জাতির ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি, ভারতের শীর্ষস্থানীয় হিন্দি ছবি স্ত্রী ২-এর প্রথম বর্ষপূর্তিও পালন করল তারা। এই বিশেষ দিনে প্রতিষ্ঠানটি ঘোষণা করল তাদের হরর-কমেডি ইউনিভার্সের নতুন সংযোজন ‘থামা’। ছবিতে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মন্দানা, পরেশ রাওয়াল ও নওয়াজউদ্দিন সিদ্দিকি।
ইনস্টাগ্রামে প্রকাশিত একটি বিশেষ ভিডিওতে ম্যাডক ফিল্মস তাদের পূর্ববর্তী হরর-ইউনিভার্সের সাফল্যের দৃশ্যপট তুলে ধরে, একই সঙ্গে ইঙ্গিত দেয় এক নতুন ধরনের খলনায়কের, সর্বশক্তিশালী ভিলেনের আগমনের। পোস্টের ক্যাপশনে লেখা হয়,”স্বাধীনতা দিবস বিশেষ! আজ স্ত্রী ২-এর প্রথম বর্ষপূর্তি। এই উপলক্ষে দিনেশ বিজান প্রসারিত করছেন ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সের দিগন্ত, আসছে #থামা। আগামী মঙ্গলবার, ১৯ আগস্ট উন্মোচিত হবে থামা-র জগৎ ও সেই সর্বশক্তিশালী ভিলেন, যে ভয়ের সংজ্ঞা বদলে দেবে। এই দিওয়ালিতে মুক্তি পাচ্ছে থামা। প্রস্তুত হোন, এবারের গল্প প্রেমের, কিন্তু আগের চেয়ে অনেক বেশি তীব্র ও বিপজ্জনক।”
দিনেশ বিজানের জনপ্রিয় ম্যাডক হরর-কমেডি ইউনিভার্সের যাত্রা শুরু হয়েছিল ‘স্ত্রী’ (২০১৮) দিয়ে, এরপর ‘রুহি’, ‘ভেড়িয়া’, ‘মুঞ্জ্যা’ ও ‘স্ত্রী ২’ দর্শকদের মন জয় করেছে লোককথা-প্রেরিত ভৌতিক উপাদান, হাস্যরস ও আবেগের মিশেলে। এবার ‘থামা’-তে সেই জগৎ পেতে চলেছে আরও গভীর রোমান্স ও অতিপ্রাকৃত ভয়ের সমন্বয়। আগামী ১৯ আগস্ট অফিসিয়ালি প্রকাশ পাবে ‘থামা’-র খলনায়কের প্রথম ঝলক। আর এই দিওয়ালিতে প্রেক্ষাগৃহে হাজির হবে প্রেম, ভয় ও চমকের অনন্য মিশ্রণ।







