দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর ও পরিচালক প্রশান্ত নীল-এর বহু প্রতীক্ষিত নতুন প্রজেক্ট ‘ড্রাগন’ (অস্থায়ী নাম) ঘিরে ধীরে ধীরে চড়ছে উত্তেজনার পারদ। ‘কেজিএফ’ ও সালারের মতো ব্লকবাস্টার দেওয়ার পর এই ছবিকেও বড় ক্যানভাসে তৈরি করছেন নীল।
ছবির কাস্টিংয়ে বড়সড় পরিবর্তন আসতে পারে। প্রথমে শোনা গিয়েছিল, খলনায়কের চরিত্রে থাকবেন তোভিনো থমাস। তবে শিডিউল জটিলতার কারণে তিনি সরে দাঁড়ানোয় এখন সেই জায়গায় ভাবা হচ্ছে শাহিদ কাপুরকে। যদিও এখনও চূড়ান্ত চুক্তি হয়নি, তবে নির্মাতাদের সঙ্গে তাঁর কথাবার্তা এগোচ্ছে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে, ছবির নায়িকা হিসেবে রুক্মিণী বাসন্ত-এর নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অনিল কাপুর-এর উপস্থিতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও পুরো কাস্ট ঘোষণা করা হয়নি।
ক্যারিয়ারের দিক থেকে জুনিয়র এনটিআরকে শেষ দেখা গিয়েছিল ওয়ার২-এ, যেখানে তিনি খলনায়কের ভূমিকায় নজর কেড়েছিলেন, যদিও ছবিটি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। এবার ‘ড্রাগন’-এর জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন তিনি, এমনকি চরিত্রের প্রয়োজনে শারীরিক পরিবর্তনও করেছেন বলে খবর। সব মিলিয়ে, কাস্টিং জল্পনা ও বড় মাপের প্রোডাকশনের কারণে ‘ড্রাগন’ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে, শাহিদ কাপুরের সম্ভাব্য যোগদান এই ছবিকে আরও বড় আকর্ষণে পরিণত করতে পারে বলেই মনে করছেন সিনেমাপ্রেমীরা।







