ছোটপর্দায় নতুন চমক, দর্শকদের সন্ধ্যার আড্ডায় ফের পরিচিত মুখ। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আবার টেলিভিশনে ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়। নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’-এর হাত ধরে তাঁর এই কামব্যাক ইতিমধ্যেই বিনোদন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আগামী ১৩ই এপ্রিল থেকে শুরু হচ্ছে সিরিয়ালটির সম্প্রচার, যা ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
এই ধারাবাহিকে প্রথমবারের মতো দেবাদৃতা বসুর সঙ্গে জুটি বাঁধছেন পরমব্রত। এখানে তিনি ‘সাগর বসু মল্লিক’ নামে এক উচ্চপদস্থ কর্পোরেট আধিকারিকের ভূমিকায় অভিনয় করছেন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁর চরিত্রের লুক, যা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই কৌতূহল বাড়িয়েছে। অন্যদিকে দেবাদৃতা বসুও ছোটপর্দার জনপ্রিয় মুখ, ফলে এই নতুন জুটিকে ঘিরে প্রত্যাশা যথেষ্ট। নিজের প্রত্যাবর্তন প্রসঙ্গে পরমব্রত জানিয়েছেন, সিনেমা ও ওয়েব সিরিজে ব্যস্ততার মাঝেও ‘কমলা নিবাস’-এর গল্প তাঁকে বিশেষভাবে টেনেছে। প্রচলিত ধারার বাইরে গিয়ে তৈরি এই গল্পের আবেগ, উপস্থাপনা।
পাশাপাশি ও চরিত্রের গভীরতা তাঁকে আকৃষ্ট করেছে। এছাড়াও সোহিনী সেনগুপ্ত ও দেবশঙ্কর হালদারের মতো অভিজ্ঞ অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগও তাঁর এই সিদ্ধান্তে বড় ভূমিকা নিয়েছে। গল্পের কেন্দ্রে রয়েছে এক মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন। শ্রীনিবাস গুহ (দেবশঙ্কর হালদার) জীবনের শেষ পর্বে এসে স্ত্রীর জন্য একটি নিজের বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন। অন্যদিকে তাঁর স্ত্রী কমলা (সোহিনী সেনগুপ্ত) সংসার আর মেয়েদের ভবিষ্যৎ নিয়েই ব্যস্ত। দুই ভিন্ন স্বপ্ন, কিন্তু একই সম্পর্কে বাঁধা এই দম্পতির আবেগঘন যাত্রাই এগিয়ে নিয়ে যাবে গল্পকে। ‘কমলা নিবাস’-এ ভালোবাসা, দায়িত্ব, অভিমান এবং পারিবারিক সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন ফুটে উঠবে বাস্তবসম্মতভাবে। সব মিলিয়ে, পরমব্রত চট্টোপাধ্যায়ের টেলিভিশনে প্রত্যাবর্তন এবং শক্তিশালী কাস্টিং—এই দুইয়ের মেলবন্ধনেই নতুন এই ধারাবাহিকটি হয়ে উঠতে পারে দর্শকদের পছন্দের তালিকার অন্যতম শীর্ষে।







