রাজনীতি

শোভনদেবের বাড়ি থেকে মিলল ‘রেজোলিউশন বুক’, সই-জালিয়াতি তদন্তে বড় অগ্রগতি সিআইডির

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত সই-জালিয়াতির অভিযোগের তদন্তে বড় অগ্রগতি। বহুদিনের খোঁজাখুঁজির পর অবশেষে বিতর্কিত ‘রেজোলিউশন বুক’-এর সন্ধান পেল সিআইডি। তদন্তকারী সূত্রের দাবি, বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে ওই গুরুত্বপূর্ণ নথির কপি।

শনিবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন সিআইডির আধিকারিকরা। প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত-সংশ্লিষ্ট একাধিক বিষয়ে তাঁর বয়ান রেকর্ড করা হয়। সেই জিজ্ঞাসাবাদের পরই রেজোলিউশন বুকের কপি তদন্তকারীদের হাতে এসেছে বলে খবর।

এই রেজোলিউশন বুক মামলার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গোয়েন্দারা। কারণ, বিধানসভায় বিরোধী দলনেতা, উপদলনেতা এবং পরিষদীয় দলের অন্যান্য পদাধিকারীদের নাম চূড়ান্ত করার জন্য যে প্রস্তাব গৃহীত হয়, তার নথিভুক্ত রেকর্ড থাকে এই বইয়ে। নিয়ম অনুযায়ী, রেজোলিউশনের একটি কপি জমা পড়ে বিধানসভার অধ্যক্ষের কাছে এবং অন্য একটি কপি থাকে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কাছে।

তদন্তের স্বার্থে এর আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চট্টোপাধ্যায় স্ট্রিটের কার্যালয় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও খোঁজ চালানো হয়েছিল। তবে সেখানে এই নথির সন্ধান মেলেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তদন্তকারীদের জানিয়েছিলেন, রেজোলিউশন বুক কোথায় রয়েছে সে বিষয়ে তাঁর কোনও তথ্য নেই।

এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বইটির কপি উদ্ধারের পর তদন্ত নতুন মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে। সিআইডি সূত্রে খবর, রেজোলিউশন বুকে থাকা বিধায়কদের স্বাক্ষর ফরেনসিক ও নথিগতভাবে যাচাই করা হবে। অভিযোগ, যে বৈঠকের ভিত্তিতে রেজোলিউশন তৈরি হয়েছিল বলে দাবি করা হয়, সেই বৈঠকে উপস্থিত না থেকেও কয়েকজন বিধায়কের স্বাক্ষর নথিতে রয়েছে।

এই অভিযোগ সামনে আসার পরই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয় এবং তদন্তের নির্দেশ দেওয়া হয়। এখন উদ্ধার হওয়া রেজোলিউশন বুকই সই-জালিয়াতির অভিযোগের সত্যতা নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.