ওরাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আগামী ২৩ শে ও ২৯ শে এপ্রিল দুই দফায় ভোটগ্রহণকে সামনে রেখে শাসক ও বিরোধী, উভয় শিবিরই শেষ মুহূর্তের প্রচারে সর্বশক্তি প্রয়োগ করছে। এই প্রেক্ষাপটে নদিয়ার করিমপুরে এক জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন।
করিমপুরের এই সভাটি আয়োজন করা হয়েছিল তৃণমূল প্রার্থী ও অভিনেতা সোহম চক্রবর্তী-এর সমর্থনে। বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সমালোচনার সীমা ছাড়িয়ে সরাসরি নিশানা করেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে। বিশেষ করে হিরণের ব্যক্তিগত জীবন ও তাঁর সাম্প্রতিক দ্বিতীয় বিবাহ প্রসঙ্গ তুলে কটাক্ষ করেন তিনি, যা ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। সভামঞ্চে অভিষেক সোহম চক্রবর্তীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন। তিনি জানান, ২০১৪ সালে যুব তৃণমূলের দায়িত্বে থাকার সময় সোহম তাঁর সহ-সভাপতি ছিলেন।
সেই অভিজ্ঞতার ভিত্তিতেই সোহমকে ‘আদর্শবান’ ও ‘সংসারী’ মানুষ হিসেবে তুলে ধরেন তিনি। এই ঘটনার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীরা একে ‘রাজনৈতিক শালীনতার অভাব’ বলে কটাক্ষ করেছে, অন্যদিকে তৃণমূল শিবির দাবি করেছে, এটি শুধুই রাজনৈতিক পাল্টা আক্রমণ।
নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য ও পাল্টা মন্তব্যে রাজ্যের রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে উঠছে। শেষ পর্যন্ত ভোটবাক্সে তার প্রভাব কতটা পরবে, এখন সেটাই দেখার।







