রাজ্য রাজনীতির অন্দরমহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন থাকলেও, মানুষের সঙ্গে তাঁর স্নেহের সম্পর্ক বারবার উঠে আসে নানা ঘটনায়। সদ্যোজাত শিশু থেকে চিড়িয়াখানার বিদেশি প্রাণী—দিদির হাতে নামকরণ হয়েছে বহুবার। তবে এবার আরও এক হৃদয়ছোঁয়া মুহূর্তের সাক্ষী থাকল বিধানসভা।
রায়নার তৃণমূল বিধায়ক শম্পা ধারা সাড়ে চার মাসের মেয়েকে নিয়ে হাজির হলেন বিধানসভায়, মুখ্যমন্ত্রীর ঘরের সামনে। একটাই অনুরোধ—“দিদি, মেয়ের নাম আপনি রাখুন।” মুখ্যমন্ত্রীও নিরাশ করলেন না। আদর করে, আশীর্বাদ করে ছোট্ট মেয়ের নাম রাখলেন ‘ঐশী’। মিষ্টি, অর্থবহ এই নাম শুনে আবেগে ভাসলেন বিধায়ক।
শম্পা দেবী জানান, “দুটো নাম বলেছিলেন দিদি। কিন্তু ঐশী নামটাই আমার মন ছুঁয়ে গেছে। তাই মেয়ের নাম এখন থেকে ঐশী। দিদিকে বলেছি, অন্নপ্রাশনে আসতেই হবে। উনি মেয়েকে অনেক আশীর্বাদ দিয়েছেন।”
রাজনৈতিক ব্যস্ততার মাঝেও মুখ্যমন্ত্রীর এই মানবিক মুখ বারবার উঠে আসে জনমানসে। এই ঘটনা শুধু এক শিশুর নামকরণ নয়, এটি এক মমতাময়ী মুখ্যমন্ত্রীর মানুষের সঙ্গে আত্মিক সংযোগের প্রমাণ।
আজ থেকে বিধায়ক-কন্যা একটি নতুন পরিচয় পেল—মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ‘ঐশী’ নামে। আর রায়নার বিধায়কের মুখে তখন শুধুই কৃতজ্ঞতা আর এক চওড়া হাসি।.







