পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে সোমবার সকালে ঘটে গেল এক দুঃখজনক সড়ক দুর্ঘটনা। কোলাঘাট থানার অন্তর্গত পয়াগ গ্রামের কাছে একটি বাইক ও অজ্ঞাত একটি গাড়ির মধ্যে সংঘর্ষে প্রাণ হারালেন এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর স্ত্রী।
জানা গেছে, সকাল ৬টা নাগাদ দেউলিয়া এলাকা থেকে খন্যাডিহির দিকে বাইকে করে যাচ্ছিলেন ওই দম্পতি। পথে পয়াগ গ্রামের কাছে দ্রুতগতির কোনও গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু হয়। স্ত্রী ছিটকে পড়ে মারাত্মক জখম হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহতকে উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন। কোলাঘাট থানার পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তে পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে। এখনও পর্যন্ত মৃত বা আহতের পরিচয় স্পষ্ট নয়। পাশাপাশি, কোন গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছিল তাও জানা যায়নি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। ভারী গাড়ির বেপরোয়া চলাচলেও দুর্ঘটনার আশঙ্কা থাকে প্রতিনিয়ত। প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাঁদের।
এই দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়।







