বাদুড়িয়া থানার নিশ্চিন্তপুর এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা।
চুরি করে মাছ ধরতে বারণ করায় এক মাছ চাষীর পুকুরে বিষ দিয়ে দিল দুষ্কৃতিরা! মুহূর্তের মধ্যে ভেসে উঠল শতাধিক মৃত মাছ — চোখের সামনে নিজের সর্বনাশ দেখলেন মাছ চাষী কাদিরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহুদিন ধরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন নিশ্চিন্তপুরের বাসিন্দা কাদিরুল ইসলাম।
তবে গত কয়েকদিন ধরে গ্রামেরই এক যুবক কামাল উদ্দিন তার পুকুরে ও আশপাশের পুকুরে ছিপ ফেলে মাছ ধরত।
এমন দৃশ্য দেখে কাদিরুল প্রতিবাদ করলে শুরু হয় বচসা। অভিযোগ, তখনই কামাল উদ্দিন হুমকি দেয় তাকে মারধর করার ও তার ক্ষতি করার।
আর ঠিক তার পরের রাতেই ঘটে বিপর্যয় — সকালে দেখা যায় পুকুরে অসংখ্য মাছ মৃত অবস্থায় ভেসে উঠেছে।
ভেঙে পড়েছেন কাদিরুল ইসলাম ও তার পরিবার।
তার কথায় —
“আমি গ্রাম থেকে টাকা ধার করে অন্যের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতাম। এখন সব শেষ! কীভাবে ঋণ শোধ করব, সংসার চালাব জানি না…”
কাদিরুল ইসলামের স্ত্রী নাসিমা বিবি জানান —
“রাতে হুমকি দিয়ে গিয়েছিল কামাল। সকালে দেখি সব মাছ ভেসে উঠেছে। আমাদের সব শেষ করে দিল।”
পুরো ঘটনার পর বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কাদিরুল ইসলাম।
দুষ্কৃতির দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব স্থানীয় বাসিন্দারাও।
ইতিমধ্যে বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
গ্রামের মানুষ প্রশ্ন তুলেছেন —
“পরিশ্রম করে জীবিকা গড়া মানুষ যদি এভাবে প্রতিশোধের শিকার হন, তবে ন্যায়বিচার কোথায়?”







