ফেলে না দিয়ে খেয়েই দেখুন, ভাতের ফ্যান রোজ খেলে বদলে যাবে ত্বকের চেহারা
ভাত রান্নার পর যে ফ্যান বা মাড়টুকু আমরা বেশিরভাগ সময়েই ফেলে দিই, সেটাই হতে পারে ত্বকের যত্নে এক প্রাকৃতিক মহৌষধ। বিশেষজ্ঞদের মতে, ভাতের ফ্যানে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি ও ই-এর মতো একাধিক পুষ্টিগুণ, যা ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে।
নিয়মিত ভাতের ফ্যান পান করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। গরমের দিনে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা কমাতেও এটি কার্যকর বলে মনে করা হয়। এছাড়াও এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরে ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে, ফলে অক্সিডেটিভ স্ট্রেস কমে এবং ত্বক দীর্ঘদিন তরুণ দেখাতে সাহায্য পায়।
শুধু তাই নয়, ভাতের ফ্যান ত্বকের কালচে ভাব, ট্যান ও দাগছোপ কমাতেও সহায়ক হতে পারে। বিশেষ করে রোদে পোড়া ত্বকে এটি স্বস্তি দেয় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে।
ত্বকের লালচে ভাব, জ্বালা বা ফোলাভাব কমাতেও ভাতের ফ্যান উপকারী। এতে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান সংবেদনশীল ত্বককে শান্ত রাখতে সাহায্য করে। পাশাপাশি নিয়মিত গ্রহণে কোলাজেন উৎপাদন বাড়তে পারে, যা ত্বককে টানটান ও মসৃণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
তবে বিশেষজ্ঞদের পরামর্শ, যাঁদের ত্বক খুব সংবেদনশীল বা কোনও অ্যালার্জির সমস্যা রয়েছে, তাঁরা নিয়মিত ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। কারণ প্রাকৃতিক উপাদান হলেও সবার ত্বকে একইভাবে কাজ নাও করতে পারে।







