আবহাওয়া

গরমে হাঁসফাঁস বাংলা! কবে মিলবে রেহাই? কি বলছে আবহাওয়া দপ্তর?

ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই তাপমাত্রার পারদ চড়ছে, রাতেও মিলছে না স্বস্তি। এর মাঝেই কিছুটা আশার খবর শোনাল আবহাওয়া দপ্তর। যদিও আজ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবুও গরম ও অস্বস্তি থেকে আপাতত পুরো মুক্তি মিলছে না।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামী কয়েকদিন গরম পরিস্থিতি বজায় থাকবে। পশ্চিমাঞ্চলের ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। এই জেলাগুলিতে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকতে পারে বলে পূর্বাভাস।

তবে আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও এই সামান্য বৃষ্টি গরম কমাতে তেমন ভূমিকা নেবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

অন্যদিকে, ২৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। তবে রবিবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় এই ঝড়ের প্রভাব পড়তে পারে।

এদিকে উত্তরবঙ্গে ভিন্ন ছবি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ইতিমধ্যেই চলছে টানা ঝড়-বৃষ্টি। শনিবার থেকে সেখানে আরও বাড়তে পারে বৃষ্টির দাপট। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.