রাজনীতি

‘বিজেপি ক্ষমতায় না এলেই ভালো হত’, রত্নার মন্তব্যে অস্বস্তি! সমালোচনায় অর্জুন সিং, দিলীপ ঘোষও

পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। এই আবহে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। মৃত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিজেপি ক্ষমতায় না এলেই হয়তো ভালো হত।’ বিধায়কের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এবার রত্নাকে কটাক্ষ করলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। সমালোচনা করতে পিছপা হননি দিলীপ ঘোষও।

অর্জুন সিংয়ের বক্তব্য, আবেগের বশে অপরিণত মন্তব্য করছেন পানিহাটির বিধায়ক। এই প্রসঙ্গে তিনি বলেন, “ওখানকার বিধায়ক রত্না দেবনাথ অপরিণত কথা বলছেন। আবেগে কথা বলছেন। আমার মনে হয়, এই ধরনের কথা না বলাই ভালো। প্রশাসনের উপর বিশ্বাস রাখা উচিত। কেউ যদি খুন করে থাকে, তাহলে প্রশাসনের গ্রেফতার করা উচিত। গ্রেফতার হয়েছেও।”

একইভাবে রত্নার মন্তব্যের সমালোচনা করেছেন দিলীপ ঘোষও। তাঁর মতে, দলের কোনও বিষয়ে সমস্যা থাকলে তা প্রকাশ্যে না বলে উপযুক্ত জায়গায় জানানো উচিত। পঞ্চায়েত মন্ত্রীর কথায়, “কোথাও সমস্যা থাকলে, সেটা পার্টির লোকেরা দেখবেন। ওঁরও ঠিক জায়গায় বলা উচিত। প্রেস মিডিয়ায় বললে কোনও সমাধান হয় না। সমস্যা তৈরি হয়। সমাধান পার্টির তরফ থেকে করা উচিত। খোঁজ নেওয়া উচিত। দেখা উচিত যে কোথায় সমস্যা রয়েছে।”

উল্লেখ্য, গত শনিবার পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহার উদ্যোগে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনার প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছিল। অভিযোগ, সেই কর্মসূচির পরই বিজেপির কয়েকজন কর্মী প্রকাশ্যে রুমা সাহাকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করেন। স্ত্রীর অপমানের প্রতিবাদ জানাতে এগিয়ে আসেন তাঁর স্বামী তথা সক্রিয় বিজেপি কর্মী অরূপ সাহা। অভিযোগ, সেই সময় তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এরপরই অসুস্থ হয়ে পড়েন অরূপ। তড়িঘড়ি তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

ঠিক কী বলেছিলেন রত্না দেবনাথ?

রবিবার মৃত বিজেপি কর্মী অরূপ সাহার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। মৃতের সন্তানদের সামনে নিজের আক্ষেপ প্রকাশ করে রত্নাকে বলতে শোনা যায়, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, “বিজেপি ক্ষমতায় না এলেই ভালো হতো। তাহলে হয়তো এভাবে প্রাণ হারাতে হত না অরূপকে।”

বিধায়কের এই মন্তব্য ঘিরেই এবার দলের অন্দরেই শুরু হয়েছে বিতর্ক। প্রকাশ্যে রত্নার বক্তব্যের বিরোধিতা করে রাজনৈতিক অস্বস্তি আরও বাড়ালেন অর্জুন সিং ও দিলীপ ঘোষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.