আবহাওয়া

৫০–৬০ কিমি বেগে কালবৈশাখীর সতর্কতা, আজ ঝড়-বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

তীব্র গরমে হাঁসফাঁস করা দক্ষিণবঙ্গে অবশেষে স্বস্তির ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর। আজ বুধবার থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর প্রভাবে ঝড়-বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও অনেক জায়গায় এখনও গুমোট গরমে অস্বস্তি বজায় রয়েছে, তবুও দিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তনের আশা করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পূর্ব বিহারের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে ঢুকে পড়া জলীয় বাষ্পের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় বেশি প্রভাব পড়তে পারে।

আজ ঝড়ের সময় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস। অন্যদিকে, বাকি জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতার কারণে গুমোট গরমের অস্বস্তি পুরোপুরি কমবে না বলেই জানানো হয়েছে। ফলে স্বস্তি ও অস্বস্তির মিশ্র অনুভূতিই থাকছে রাজ্যজুড়ে।

অন্যদিকে, উত্তরবঙ্গেও কালবৈশাখীর সম্ভাবনা জোরালো। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.