Mamata Banerjee-কে কেন্দ্র করে দ্বিতীয় দফার ভোটের সকালে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে পৌঁছল ভবানীপুরে। ভোটের দিন সকালেই নিজের কেন্দ্র চেতলা এলাকায় পরিদর্শনে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি একাধিক গুরুতর অভিযোগ তোলেন কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচনী পর্যবেক্ষকদের বিরুদ্ধে।
মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, গত রাতে তিনি ঘুমাতে পারেননি এবং সারা রাত ধরে এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তাঁর অভিযোগ, “সারা বাংলা জুড়ে সিআরপিএফ ও অবজার্ভাররা আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নির্দেশ মানছে না। আমাদের কর্মীদের আটক করা হচ্ছে, পোস্টার খুলে ফেলা হচ্ছে।” তিনি আরও বলেন, প্রশাসনিক চাপের কারণে তৃণমূলের একাধিক কর্মীকে হেনস্তার মুখে পড়তে হচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, তৃণমূল কাউন্সিলর অসীম বসুকে রাতে বের হতে দেওয়া হয়নি এবং তাঁকে ও তাঁর স্ত্রীকে দেড়টার সময় হেনস্থা করা হয়েছে। তিনি দাবি করেন, এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর চাপ সৃষ্টির প্রচেষ্টা।
অন্যদিকে প্রশাসনের তরফে এখনও এই অভিযোগগুলির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোটের দিন এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে ভবানীপুর এলাকায়।







