কলকাতা: রাত তখন প্রায় সাড়ে ১২টা। শহরের ব্যস্ততা কমে এলেও ভয়ঙ্কর ছায়া নেমে এল পার্ক স্ট্রিট থানা এলাকার নোনাপুকুর অঞ্চলে। বাড়ি ফেরার পথে ৬৫ বছরের এক বৃদ্ধের উপর চড়াও হয় তিন দুষ্কৃতী। ছিনতাইয়ের চেষ্টা রুখতেই তাঁর উপর ভোজালি চালায় হামলাকারীরা। একাধিক কোপে রক্তাক্ত অবস্থায় প্রাণভয়ে ছুটতে থাকেন ওই ব্যক্তি।
আহত বৃদ্ধের নাম রতন লাল। অভিযোগ, বাড়ি ফেরার সময় নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে তাঁকে ঘিরে ধরে তিন দুষ্কৃতী। টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করে তারা। বাধা দেন রতনবাবু। শুরু হয় ধস্তাধস্তি। রাস্তায় ফেলে দিয়ে একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে।
রক্তাক্ত অবস্থায় দৌড়াতে দৌড়াতে মল্লিকবাজার ক্রসিং-এর কাছে পৌঁছন রতনবাবু। সেখানেই নজরে আসে টহলরত পুলিশের। তাদের দেখে চিৎকার করে সাহায্য চান তিনি। পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে ভর্তি করে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে।
ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, ছিনতাই ও খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্তে নেমেছে তারা। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
রাতের শহরে বাড়ছে দুষ্কৃতীদের দাপট – ফের প্রমাণ দিল এই ঘটনা। শহরবাসীর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তুলছেন সাধারণ মানুষ।







