আবহাওয়া

কালবৈশাখীর দাপটে কাঁপবে বাংলা! দক্ষিণে ঝড়-বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ— ভোট গণনার দিনেও অশনি সংকেত

চৈত্রের শেষ লগ্নে আর বৈশাখের শুরুতেই প্রকৃতি দেখাতে চলেছে তার রুদ্ররূপ। বহু প্রতীক্ষিত কালবৈশাখী এবার জোরালোভাবে আঘাত হানতে পারে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর-এর পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। রবিবার ও সোমবার ঝড়-বৃষ্টি সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে।

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ—প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দফতরের ইঙ্গিত, বুধবারের পর থেকে ধীরে ধীরে আবহাওয়া শুষ্ক হতে পারে।

কলকাতার আবহাওয়ার আপডেট

কলকাতায় সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। শনিবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও রবিবার বিকেল থেকে আবহাওয়ার অবনতি হতে পারে। সোমবার শহরে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ২২ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি হওয়ায় অস্বস্তিও বাড়ছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বীরভূম, মুর্শিদাবাদ ,নদীয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর-এ ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

রবিবার থেকে ঝড়ের তীব্রতা বাড়বে। বিশেষ করে বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে কালবৈশাখীর দাপট বেশি দেখা যেতে পারে। বাতাসের গতি ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরেও একই পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কমলেও ঝোড়ো হাওয়া চলবে। বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের পাহাড় ও তরাই অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার-এ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটারের বেশি হতে পারে। মালদা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। বুধবারের পর থেকে এখানেও আবহাওয়া কিছুটা স্বাভাবিক হবে।

গণনার দিনেও বৃষ্টির আশঙ্কা

৪ মে, অর্থাৎ ভোট গণনার দিনেও আবহাওয়া স্বস্তিদায়ক নাও থাকতে পারে। পূর্বাভাস অনুযায়ী, ওই দিন দুপুরের পর থেকে ঝড়-বৃষ্টির প্রভাব বাড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও মেদিনীপুরে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.