দুদিন হলো নির্বাচনী ফল প্রকাশ হয়েছে । আর তার মাঝেই গোপনে এবার দিল্লিতে গেলেন অগ্নিমিত্রা পাল ! পালাবদলের পর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা চলছে। এই পরিস্থিতিতেই অগ্নিমিত্রা পাল-এর হঠাৎ দিল্লি সফর ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। কেন তিনি দিল্লি গেলেন, কার সঙ্গে বৈঠক করলেন—এই নিয়েই নানা মহলে আলোচনা শুরু হয়েছে। সূত্রের দাবি, মঙ্গলবার তিনি দিল্লিতে পৌঁছে বিজেপির শীর্ষ নেতৃত্বের কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বর্তমানে তিনি কলকাতায় ফেরার পথে বলে জানা যাচ্ছে।
এদিকে, বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী কে হতে পারেন, তা নিয়ে নানা নাম ঘুরছে রাজনৈতিক অন্দরে। তালিকার শীর্ষে রয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ও ভবানীপুর—এই দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে জয়লাভ করে তিনি নিজের অবস্থান আরও শক্ত করেছেন। বিশেষ করে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়-কে পরাজিত করা রাজনৈতিক দিক থেকে বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও আলোচনায় রয়েছেন দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্য, এবং দলের বুদ্ধিজীবী মুখ স্বপন দাশগুপ্ত। এই আবহে অগ্নিমিত্রার দিল্লি যাত্রা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, এবার শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে দেখা যাচ্ছে ব্যতিক্রমী সিদ্ধান্ত। সাধারণত রাজভবনে এই অনুষ্ঠান হলেও, এবার তা হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। জানা গেছে, আগামী শনিবার সকাল ১০টায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শমীক ভট্টাচার্য নিজেও জানিয়েছেন নির্দিষ্ট সময়সূচি। তবে অনুষ্ঠানে নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত হয়নি।







