টানটান লড়াই, বিধ্বংসী সেঞ্চুরি, পালটা আগ্রাসী ব্যাটিং আর মাঝেমধ্যেই বৃষ্টির হানা—সব মিলিয়ে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ হাসি হাসল ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টস। ডাকওয়ার্থ-লুইস নিয়মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৯ রানে হারিয়ে দীর্ঘ পাঁচ ম্যাচের হার কাটাল লখনউ। অন্যদিকে এই হারে প্লে-অফের লড়াইয়ে কিছুটা চাপে পড়ে গেল বিরাট কোহলির আরসিবি।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক রজত পাটিদার। তবে সেই সিদ্ধান্ত শুরু থেকেই ভুল প্রমাণ করতে থাকেন মিচেল মার্শ। একদিকে অর্শ্বিন কুলকর্নী ধীরগতিতে রান তুললেও, অন্য প্রান্তে ঝড় তোলেন মার্শ। মাত্র ৪৯ বলে শতরান পূর্ণ করেন তিনি। লখনউয়ের জার্সিতে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি, পাশাপাশি আইপিএলে এলএসজির হয়ে দ্রুততম শতরানের নজিরও গড়েন অজি অলরাউন্ডার।
শেষ পর্যন্ত ৫৬ বলে ১১১ রানের দুরন্ত ইনিংস খেলেন মার্শ। তাঁর ইনিংসে ছিল একের পর এক আক্রমণাত্মক শট, যা বৃষ্টির বিরতিও থামাতে পারেনি। এছাড়া নিকোলাস পুরাণ ২৩ বলে ৩৮ রান করেন। শেষদিকে অধিনায়ক ঋষভ পন্থ মাত্র ১০ বলে ৩২ রানের ঝোড়ো ক্যামিও খেলেন। নির্ধারিত ১৯ ওভারে লখনউ তোলে ২০৯ রান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আরসিবি। প্রথম দুই ওভারেই মহম্মদ শামি ও প্রিন্স যাদবের আঘাতে সাজঘরে ফেরেন বিরাট কোহলি ও জেকব বেথেল। কোহলি এদিন রান খাতা খুলতেই পারেননি। মাত্র ৯ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বেঙ্গালুরু।
সেই পরিস্থিতি সামাল দেন রজত পাটিদার ও দেবদত্ত পাড়িক্কল। দু’জন মিলে দ্রুত রান তুলে দলকে ম্যাচে ফেরান। পাটিদার ৩১ বলে ৬১ রানের ঝকঝকে ইনিংস খেলেন, পাড়িক্কলের ব্যাট থেকে আসে ৩৪ রান। তবে এই জুটি ভাঙতেই আবার চাপে পড়ে আরসিবি। অল্প সময়ের ব্যবধানে পাড়িক্কল, পাটিদার ও জিতেশ শর্মার উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার মুখে পড়ে তারা।
তবুও হাল ছাড়েননি টিম ডেভিড ও ক্রুণাল পাণ্ডিয়া। বিশেষ করে ডেভিডের ব্যাটে ফের জয়ের আশা জাগে বেঙ্গালুরু শিবিরে। মাত্র ১৭ বলে ৪০ রান করে ম্যাচের রাশ প্রায় একাই টেনে আনছিলেন তিনি। কিন্তু তাঁর বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি আরসিবি। শেষ পর্যন্ত ২০৩ রানেই থামে তাদের ইনিংস। ডিএলএস নিয়মে ৯ রানের জয় পায় লখনউ।
এই জয়ের ফলে দীর্ঘ পাঁচ ম্যাচের পর ফের জয়ের মুখ দেখল ঋষভ পন্থের দল। যদিও ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে ওঠার সম্ভাবনা এখনও ক্ষীণই। অন্যদিকে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইল আরসিবি। দ্বিতীয় স্থানে ওঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন বিরাট কোহলিরা।







