খেলাধুলা

শুভমনের ব্যাটে ভর করে জয়ে ফিরল গুজরাট! ৬ উইকেটে হারাল পাঞ্জাবকে

 

 

ঘরের মাঠে রিঙ্কু সিংহের অধ্যায় ভুলে আবার জয়ের রাস্তায় ফিরল গুজরাত টাইটান্স (Gujrat Titans)। বৃহস্পতিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটান্স ৬ উইকেটে হারাল পাঞ্জাব কিংসকে। বলা যেতে পারে শুভমনের কাঁধে ভর করেই পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতল গুজরাত। পয়েন্ট টেবিলে তারা তিন নম্বরে উঠে এল।

 

গতকালের ম্যাচেও শেষ দিকে বিরাট নাটক দেখা গেল। শেষ ওভারে ম্যাচ জিততে গুজরাতের দরকার ছিল ৭ রান। মিলার স্যাম কারেনের প্রথম বলে এক রান নেন। দ্বিতীয় বলে শুভমনের অফস্টাম্প উড়িয়ে দেন কারেন। পরের দু’টি বলে দু’টি রান হয়। শেষ পর্যন্ত ২ বলে চার রান দরকার ছিল। কিন্তু মাথা ঠান্ডা রেখে রাহুল তেওটিয়া গুজরাতকে আরও একটি ম্যাচে জেতালেন।

 

তবে শুভমনই গুজরাতের জয়ের আসল কাণ্ডারি। তিনি রান পেলে গুজরাত হেরেছে এমন ঘটনা খুব কমই দেখা গিয়েছে। এ দিনও ঋদ্ধিমান সাহাকে নিয়ে শুরুটা তিনি ভালই করেছিলেন। গুজরাতের‌ লক্ষ্য ছিল পাওয়ার প্লে-তে যতটা সম্ভব বেশি রান তুলে নেওয়ার।

 

সেই লক্ষ্যে তারা সফল হয়। ঋদ্ধিমানকে হারালেও প্রথম ৬ ওভারে ৫৬ রান উঠে যায়। মনে করা হয়েছিল এই ম্যাচ গুজরাতের জেতা শুধু সময়ের অপেক্ষা।

 

কিন্তু খেলা এগোতেই ম্যাচের রঙ পাল্টে গেল। মোহালির পিচে বল ধীরে আসছিল। ফলে চাইলেও ব্যাটাররা আগ্রাসী ক্রিকেট খেলতে পারেনি। শুভমন ৬৭ রান করেছেন বটে। কিন্তু তারও লেগে যায় ৪৯ বল।

 

মারকুটে সাই সুদর্শনও ১৯ রান করতে ২০ বল নেন। কিন্তু এই গুজরাত দলে এতই ব্যাটার যে, শেষের দিকে রান তাড়া করতে অসুবিধাই হয় না। সেটাই আরও এক বার দেখা গেল।

 

গতকাল গুজরাত বল হাতে শুরুটা দুর্দান্ত করেছিল। দ্বিতীয় বলেই পঞ্জাবের উপর আঘাত হানেন মহম্মদ শামি। তুলে নেন প্রভসিমরন সিংহকে। আগের ম্যাচে ৯৯ রান করা শিখর ধাওয়ান এ দিনও শুরুটা ধীরগতিতে করেছিলেন। কিন্তু তিনিও আট রানের বেশি করতে পারেননি। জোশুয়া লিটলের বলে শট ঠিকঠাক হয়নি। লং অনে ক্যাচ নেন আলজারি জোসেফ।

 

তারপর পঞ্জাবের ধস সামলান ম্যাথু শর্ট এবং ভানুকা রাজাপক্ষ। শর্ট আগাগোড়া আক্রমণাত্মক খেলেছেন। তাঁর ২৪ বলে ৩৬ রানের ইনিংসে রয়েছে ৬টি চার এবং ১টি ছয়। তুলনায় ভানুকা একটু ধীরগতিতে খেলছিলেন।

 

শর্ট এবং পরের দিকে শাহরুখ খান (৯ বলে ২২) বাদে কোনও ব্যাটারই গুজরাতের বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলতে পারেননি। যে কারণে মাঝখানে ধস সামাল দেওয়া গেলেও রানের গতি খুব একটা ভাল ছিল না। ফলে দেড়শোর থেকে সামান্য বেশি রানেই তারা থেমে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.