আবারও একবার কোচের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, পর্তুগালের পর এবার নতুন ক্লাব আল-নাসেরের কোচের সঙ্গে বিবাদে জড়ালেন তিনি।
শোনা যাচ্ছে, সিআর সেভেন (CR 7) আল নাসরের কোচ রুডি গার্সিয়ার পরিকল্পনা মেনে নিতে পারছেন না। আর তার জেরে নাকি আল নাসেরের ক্লাব কর্তৃপক্ষ নতুন কোচ খুঁজতে শুরু করেছেন।
আসলে সাম্প্রতিক সময়ে রোনাল্ডোর ক্লাব কোচ রুডি গার্সিয়ার (Rudi Garcia) পরিকল্পনায় সেভাবে ভাল ফলাফল করতে পারছে না। যার ফলে দলের ড্রেসিং রুমেও অশান্তির পরিবেশ। রোনাল্ডোর নেতৃত্বে সিনিয়র ফুটবলররা নাকি কোচের বিরুদ্ধে বিদ্রোহ করছেন।
আসলে গার্সিয়া যেভাবে দলকে খেলাচ্ছেন, তা রোনাল্ডোর পছন্দ হচ্ছে না। এমনকি দলের খারাপ ফলের জন্য রোনাল্ডো কোচের পরিকল্পনাকেই নাকি দায়ী করেছেন।
তাই বাধ্য হয়ে আল নাসের (Al-Nassr) কর্তাদের বিকল্প খুঁজতে হচ্ছে। শোনা যাচ্ছে গার্সিয়াকে নিজের চাকরি বাঁচানোর জন্য আর এক ম্যাচ সময় দেওয়া হয়েছে। তাতে যদি তিনি চাকরি বাঁচিয়ে উঠতে পারেন তো ভাল, নাহলে বিকল্প হিসাবে ইউরোপের কোনও হেভিওয়েট কোচকে আনা হবে।
স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, আল নাসেরের কর্তারা নাকি নতুন কোচ হিসাবে জোস মোরিনহোর (Jose Mourinho) সঙ্গে কথা বলেছেন। তাঁকে বিশাল অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে। আর রোনাল্ডোও কোচ হিসাবে তাঁকেই চাইছেন। যদিও দ্য স্পেশ্যাল ওয়ান এখন রোমার কোচিং করাচ্ছেন, আদৌ নিজের ক্লাব ছেড়ে যাবেন কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন আছে।
উল্লেখ্য, কোচের সঙ্গে রোনাল্ডোর মনোমালিন্য নতুন নয়। এর আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে এরিক টেন হাগের সঙ্গে রোনাল্ডোর সমস্যা তৈরি হয়েছিল। এমনকি বিশ্বকাপ চলাকালীন পর্তুগালের তৎকালীন কোচ ফার্নান্দো স্যান্টোসের সঙ্গেও রোনাল্ডোর বিবাদ নিয়ে অনেক লেখালেখি হয়েছে। তবে নতুন ক্লাবে যোগদানের পরও আবার সেই পুরনো বিতর্ক।







