রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা। এলপিজি (LPG) সংযোগের ই-কেওয়াইসি (e-KYC) সম্পূর্ণ করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্র। জানানো হয়েছে, আগামী ১৫ অগস্টের মধ্যে এই প্রক্রিয়া শেষ না করলে গ্যাসের ভর্তুকি পাওয়ায় জটিলতা তৈরি হতে পারে। এমনকি ভবিষ্যতে গ্যাস বুকিং এবং সিলিন্ডার সরবরাহেও সমস্যার মুখে পড়তে পারেন গ্রাহকরা।
বর্তমানে কলকাতায় ১৪.২ কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। অন্যদিকে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত গ্রাহকেরা প্রতি সিলিন্ডারে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ভর্তুকি পান। নির্ধারিত সময়ের মধ্যে e-KYC সম্পূর্ণ না হলে এই আর্থিক সুবিধা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে অনেকেরই অতিরিক্ত খরচ করে গ্যাস কিনতে হতে পারে।
তেল বিপণন সংস্থাগুলিও ইতিমধ্যেই ডিলারদের দ্রুত গ্রাহকদের e-KYC সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। যদিও সংস্থাগুলির দাবি, অধিকাংশ গ্রাহক ইতিমধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন। যাঁদের এখনও বাকি রয়েছে, তাঁদের দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কীভাবে করবেন e-KYC?
ইন্ডিয়ান অয়েল, এইচপি গ্যাস বা ভারত গ্যাসের অফিসিয়াল মোবাইল অ্যাপের মাধ্যমে।
আধার ফেস আরডি (Aadhaar Face RD) অ্যাপ ব্যবহার করে বাড়িতে বসেই।
অথবা নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে আঙুলের ছাপ বা আইরিস স্ক্যানের মাধ্যমে।
কেন বাধ্যতামূলক করা হয়েছে e-KYC?
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের দাবি, ভর্তুকিযুক্ত গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের অপব্যবহার রুখতেই এই উদ্যোগ। অভিযোগ, বহু ক্ষেত্রে গৃহস্থালির গ্যাস বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে, যার ফলে সাধারণ গ্রাহকদের সময়মতো সিলিন্ডার পেতে সমস্যা হচ্ছে এবং সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। সেই অনিয়ম বন্ধ করতেই e-KYC বাধ্যতামূলক করা হয়েছে।
তাই এখনও যদি আপনার LPG সংযোগের e-KYC সম্পূর্ণ না হয়ে থাকে, তাহলে ১৫ অগস্টের আগেই প্রক্রিয়াটি শেষ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এতে ভর্তুকি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে গ্যাস বুকিং বা সরবরাহ সংক্রান্ত সমস্যার সম্ভাবনাও এড়ানো যাবে।







