নির্বাচনের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে রাজ্য সরকার। সেই তালিকায় রয়েছে শিক্ষিত বেকারদের মাসিক আর্থিক সহায়তাও। দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল, কবে থেকে এই ভাতা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, সব পরিকল্পনা অনুযায়ী এগোলে দুর্গাপুজোর আগেই চালু হতে পারে ‘যুবশক্তি’ প্রকল্পের অনলাইন পোর্টাল।
সরকারি সূত্রে জানা যাচ্ছে, নতুন এই প্রকল্পের নাম রাখা হয়েছে যুবশক্তি। বর্তমানে চালু থাকা যুবশ্রী এবং যুবসাথী প্রকল্পকে একত্রিত করেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আগের দুই প্রকল্পে মাসিক ১,৫০০ টাকা করে দেওয়া হলেও যুবশক্তি প্রকল্পে সেই আর্থিক সহায়তা বাড়ানো হয়েছে। ২০১৩ সালে যুবশ্রী প্রকল্প শুরু হয়েছিল কর্মহীন যুবকদের স্বনির্ভর করার উদ্দেশ্যে। সেখানে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করা নির্দিষ্ট সংখ্যক আবেদনকারী সুবিধা পেতেন। পরে বিধানসভা নির্বাচনের আগে চালু হয়েছিল যুবসাথী। বিজেপি নির্বাচনী ইস্তাহারে বেকার ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিল এবং সরকার গঠনের পর তা কার্যকর করার সিদ্ধান্ত নেয়। চলতি বাজেটেও এই প্রকল্পের জন্য বরাদ্দের ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
নতুন নিয়ম অনুযায়ী, কর্মহীন স্নাতকরা প্রতি মাসে ৩,০০০ টাকা এবং কর্মহীন অ-স্নাতকরা ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। আবেদনকারীদের যোগ্যতা যাচাই করতে বাড়ি বাড়ি সমীক্ষা চালানো হবে বলে জানা গিয়েছে। আপাতত প্রকল্পটির দায়িত্ব থাকবে যুবকল্যাণ দপ্তরের হাতে। এ বিষয়ে যুবকল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানান, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার যুবক-যুবতীদের পাশে থাকবে রাজ্য সরকার। তিনি বলেন, যুবশক্তি প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীদের মাসে ২,০০০ ও ৩,০০০ টাকা করে দেওয়া হবে। উল্লেখ্য, আগে যুবশ্রী ছিল শ্রম দপ্তরের অধীনে এবং যুবসাথী পরিচালনা করত যুবকল্যাণ দপ্তর। নতুন প্রকল্পে আবেদন করার জন্য বয়সসীমা রাখা হয়েছে ২১ থেকে ৪০ বছর।







