শারজায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এ-তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ রানে হেরে চরম বিপাকে পড়েছে ভারতীয় দল। এই পরাজয়ে সেমিফাইনালে ওঠার আশা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। তবে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের ফলাফল ঠিক করবে ভারতের ভাগ্য।
অস্ট্রেলিয়াকে ১৫১ রানে আটকে দেওয়ার পর ভারতের সামনে জয়ের লক্ষ্য ছিল ১৫২। তবে ভারত ১৪২/৯ রানেই থেমে যায়। অধিনায়ক হারমানপ্রিত কৌর ৫৪ রান করলেও, শেষ ওভারে তার সিদ্ধান্তে সমালোচনার ঝড় উঠেছে।
ম্যাচের ২০তম ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৪ রান, হারমানপ্রিত ছিলেন স্ট্রাইকে। প্রথম বলেই তিনি সিঙ্গেল নিয়ে পুজা ভাস্ত্রাকারকে স্ট্রাইকে পাঠান, যা অনেককেই বিস্মিত করেছে। পরের বলেই পুজা বোল্ড হন ও তৃতীয় বলেই রান আউট হন অরুন্ধতি রেড্ডি। চতুর্থ বলে হারমানপ্রিত আবারও সিঙ্গেল নিয়ে শ্রেয়াঙ্কা পাটিলকে স্ট্রাইকে দেন। যখন জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান।
শেষ দুই বলেও রান আউট ও এলবিডব্লিউয়ের কারণে ভারত ম্যাচ হেরে যায়। হারমানপ্রিতের এই স্ট্রাইক ছাড়ার সিদ্ধান্তে সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ম্যাচ শেষে হারমানপ্রিত বলেন, “অস্ট্রেলিয়া একটি অভিজ্ঞ দল, তাদের সব খেলোয়াড় অবদান রাখে। শুধু এক-দু’জনের উপর নির্ভর করে না। আমরা ভালো পরিকল্পনা করেছিলাম, কিন্তু তারা সহজ রান দেয়নি। আমাদের এগিয়ে যেতে হবে এবং সবসময় প্রস্তুত থাকতে হবে।”
এমন গুরুত্বপূর্ণ সময়ে অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে।







